আজকাল ওয়েবডেস্ক: এলপিজি গ্যাস সিলিন্ডারের অভাবে সাময়িকভাবে প্রধান প্রধান খাবার পরিবেশন বন্ধ করে দিতে হয়েছে দিল্লি হাইকোর্টের আইনজীবীদের ক্যান্টিনে। বুধবার (১১ মার্চ) ক্যান্টিন কর্তৃপক্ষের জারি করা এক নোটিসে এই তথ্য জানানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডার না থাকায় রান্না করা খাবার প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। ফলে আপাতত ক্যান্টিনে প্রধান খাবারের পদ পরিবেশন বন্ধ রাখা হয়েছে।

ক্যান্টিন কর্তৃপক্ষ জানিয়েছে, “বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডার না পাওয়ায় আমরা আইনজীবী ক্যান্টিনে রান্না করে প্রধান খাবার প্রস্তুত ও পরিবেশন করতে পারছি না। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

এছাড়াও জানানো হয়েছে, কবে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনও স্পষ্ট তথ্য নেই। নোটিসে বলা হয়েছে, “এই মুহূর্তে এলপিজি সরবরাহ কবে ফের শুরু হবে সে বিষয়ে আমাদের কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। গ্যাস সরবরাহ পাওয়া মাত্রই আমরা প্রধান খাবার রান্না ও পরিবেশন আবার শুরু করব।”

তবে যেসব খাবার রান্নার প্রয়োজন হয় না, সেগুলি আপাতত ক্যান্টিনে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে স্যান্ডউইচ, স্যালাড, ফ্রুট চাটসহ বিভিন্ন হালকা খাবার। নোটিসটি আইনজীবী ক্যান্টিনের পক্ষ থেকে সন্দীপ শর্মা স্বাক্ষরিত। এতে আইনজীবী ও আদালতের কর্মীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অবরোধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি পরিবহণে। এই পরিস্থিতিতে গতকাল কেন্দ্র সরকার জরুরি ভিত্তিতে Essential Commodities Act প্রয়োগ করে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।