আজকাল ওয়েবডেস্ক: দেরাদুনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা দেশ। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে সংঘর্ষে মৃত্যু হয়েছে ছয় বন্ধুর। বেঁচে গিয়েছেন মাত্র একজন। ঘটনার পর এবার গণমাধ্যমে মুখ খুললেন সেই জীবিত তরুণ সিদ্ধেশ আগরওয়ালের বাবা বিপিন আগরওয়াল। আমজনতাকে তিনি অনুরোধ জানিয়েছেন, দুর্ঘটনা সংক্রান্ত কোনওরকম অর্ধসত্য যেন তাঁরা বিশ্বাস না করেন। তাঁর দাবি, ‘দয়া করে গুজব ও অসম্পূর্ণ তথ্য ছড়াবেন না যেটা দুর্ঘটনার কারণকে অন্যরকম ভাবে ছড়িয়ে দেবেন না। আমরা ছ’জনকে হারিয়েছি।

 

 

এই ছ’জনের পরিবার গভীর শোকের মধ্যে রয়েছেন। আমরা তা সহজে কাটিয়ে উঠতে পারছি না। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই সত্যিটা সামনে আসবে। দয়া করে এই গুজবকে কান দেবেন না’। উল্লেখ্য, দেরাদুনের ঘটনার পর বহু তথ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগেরই দাবি, ওই সাত বন্ধু দুর্ঘটনার আগে একটি পার্টিতে ছিল এবং তাঁরা নেশাগ্রস্ত ছিলেন’। তবে এখনও পর্যন্ত কোনও মেডিকেল রিপোর্ট এমনকি পোস্টমর্টেমেও অ্যালকোহল গ্রহণের কোনও প্রমাণ মেলেনি। 

 

 

সোশ্যাল মিডিয়ায় যখন ক্রমশ এই ধরনের পোস্ট ছড়াচ্ছে সেই সময়েই সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ রেখেছেন বিপিনবাবু। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, ওই সাত বন্ধু মদ্যপান করে রাস্তায় একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে রেস করছিল। নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে। আবার অনেকের মতে, ওই গাড়ির যাত্রীরা জানালা এবং খোলা সানরুফের বাইরে ঝুঁকে পড়েছিলেন। যা মর্মান্তিকভাবে দুজনের মৃত্যুর কারণ হয়ে উঠেছে। তবে এই গুজবেরও কোনও নিশ্চিত প্রমাণ নেই। মাথায় আঘাতের কারণ হিসেবে দ্রুত গতির সংঘর্ষকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।