আজকাল ওয়েবডেস্ক : মুম্বইতে সাইবার অপরাধের শিকার এক চিকিৎসক। তাঁকে ঠকিয়ে ২৬ লক্ষ ৫২ হাজার টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। ২৬ আগস্ট থানের এক চিকিৎসকের কাছে একটি ফোন আসে। সেখানে নিজেকে কাস্টমস অফিসার হিসাবে পরিচয় দেয় অপরাধীরা।
এরপর তারা জানায় দুবাই থেকে তার নামে একটি পার্সেল এসেছে। সেখানে মাদক রয়েছে। তারা এবার এর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেবে। এমনকি ওই চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জঙ্গি সংগঠনের লেনদেন রয়েছে বলেও হুমকি দেয় তারা। তবে বিষয়টি তারা মিটমাট করতে পারে যদি চিকিৎসক তাদেরকে ২৬ লক্ষ ৫২ হাজার টাকা দেয়। নাহলে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হবে।
এরপরই ভয় পেয়ে টাকা দিয়ে দেয় ওই চিকিৎসক। তবে পরে বুঝতে পারে যে গোটা বিষয়টা নিয়ে ঠকানো হয়েছে তাঁকে। এরপর সরাসরি থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই চিকিৎসক। বিষয়টি হাতে নেয় সাইবার অপরাধ শাখার অফিসাররা। আইটি অ্যাক্টে শুরু হয়েছে তদন্ত। কিন্তু কোথা থেকে অপরাধীরা এই কাজ করেছে তা জানতে এখন হিমসিম খাচ্ছে তদন্তকারী অফিসাররা।
