আজকাল ওয়েবডেস্ক: করোনাকালের প্রত্যাবর্তন! আবারও ফিরে এল করোনার নতুন ঢেউ! এবার বাড়বাড়ন্ত দিল্লিতে। ঘরে ঘরে জ্বর, সর্দিকাশিতে ভুগছেন রোগীরা। নতুন সার্ভেতেই ধরা পড়ল এই ভয়াবহ পরিস্থিতি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, 'লোকাল সার্কেল' সম্প্রতি একটি সার্ভে করে দিল্লি ও সংলগ্ন শহরগুলিতে। যেখানে দেখা গেছে, সাম্প্রতিককালে দিল্লি এনসিআর-এ ৫০ শতাংশ পরিবারের মধ্যে কমপক্ষে একজনের করোনার মতো উপসর্গ রয়েছে। কোনও কোনও পরিবারে একাধিক রোগীও রয়েছে।
দিল্লি, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদে ১৬,২০০টি পরিবারের সার্ভে করা হয়েছে। এর মধ্যে ২২ শতাংশ পরিবারের তরফে জানা গেছে, কমপক্ষে চারজনের করোনার মতো উপসর্গ রয়েছে। ১২ শতাংশ পরিবার জানিয়েছে, মাত্র দু'জনের মধ্যে উপসর্গ রয়েছে। বাকি ২২ শতাংশ পরিবার জানিয়েছে, একজনের মধ্যে এই উপসর্গ রয়েছে।
কী কী উপসর্গ রয়েছে রোগীদের?
ওই সার্ভেতেই জানা গেছে, বর্তমানে যাঁরা ভুগছেন, তাঁদের জ্বর, সর্দিকাশি, গলা ব্যথা, নাক থেকে জল পড়া, মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা, পেশিতে টান, শ্বাসকষ্টের সমস্যার মতো উপসর্গ রয়েছে। অনেকের আবার পেটের সমস্যাও দেখা দিচ্ছে। এই ধরনের উপসর্গ করোনা আক্রান্তদের মধ্যে দেখা গিয়েছিল। রোগীরাও জানিয়েছেন, জ্বর সেরে গেলেও, দুর্বলতা কাটতে কয়েক সপ্তাহ সময় লাগছে।
সাধারণত ঋতু পরিবর্তনের সময়, আবহাওয়া বদলের কারণে এই ধরনের উপসর্গ-সহ অসুস্থ হন অনেকেই। এক পরিবারেই সকল সদস্যের মধ্যেই এই ধরনের অসুস্থতা দেখা যায়। বিশেষত, শিশুদের এবং বয়স্কদের মধ্যে এই ধরনের অসুস্থতার হার সবচেয়ে বেশি।
দিল্লি এনসিআর-এ কি সত্যিই করোনার বাড়বাড়ন্ত?
এই সার্ভেতেই চিকিৎসকরা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা পরীক্ষা করালে, অনেকের রিপোর্ট পজিটিভ আসতে পারে। তবে সবাই করোনার রোগী নন। ইনফ্লুয়েঞ্জাতেও আক্রান্ত হতে পারেন অনেকে। করোনা হলেও, এখন সকলের মৃদু উপসর্গ রয়েছে। এর জেরে আতঙ্কের, ভয়ের কারণ কিছু নেই। বাড়িতে থেকেই সুস্থ হওয়া সম্ভব।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, দিল্লি ও সংলগ্ন শহরে এই পরিস্থিতিতে মাস্ক পরেই বাইরে চলাচল করুন। ঘনঘন হাত পরিষ্কার রাখুন। স্যানিটাইজার ব্যবহার করুন। পরিবারের অনেকে অসুস্থ হলেও, মাস্ক ব্যবহার করতে ভুলবেন না।















