আজকাল ওয়েবডেস্ক: চুটিয়ে মজা করেছিলেন হোলিতে। আত্মীয়, প্রতিবেশীদের সঙ্গে রং খেলেছিলেন তাঁরা। দুপুরে স্নানঘরে একসঙ্গে ঢোকে দম্পতি। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও আর বেরোননি। তাতেই সন্দেহ হয় আত্মীয়দের। ডাকাডাকির পর শেষমেশ স্নানঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। স্নানঘরের ভিতরে দৃশ্য দেখেই শিউরে ওঠেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে ছোট বাজার এলাকায়। হোলিতে পরিবার পরিজনদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিল এক দম্পতি। রং তুলতে একসঙ্গে স্নান করতে ঢুকে আর বাইরে বেরোননি। আত্মীয়রা স্নানঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকেই দেখতে পান দম্পতির নিথর দেহ।
মৃতেরা হলেন, নবীন গুপ্ত (৪৪) এবং সাক্ষী গুপ্ত (৪০)। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে এও জানান, বিষাক্ত গ্যাসের জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দম্পতির।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বাথরুমে গিজারের গ্যাস লিক করেছিল। একসঙ্গে স্নান করতে যাওয়ার পর সেই বিষাক্ত গ্যাসের জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর আত্মীয়রা ডাকাডাকি শুরু করেন। সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তখনই দম্পতিকে স্নানঘরের মধ্যে লুটিয়ে থাকতে দেখেন।
