আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহে নির্দিষ্ট ছুটির দিন ছাড়া, প্রতিদিনই কাজে আসেন কর্মীরা। নিয়ম তেমনটাই। তবু তার মাঝে, কখনও কখনও ব্যক্তি প্রয়োজনে ছুটি নেন কর্মীরা। কখনও শারীরিক অসুস্থতা, কখনও সন্তানের অসুস্থতা, কখনও বেড়াতে যাওয়ার জন্য ছুটি নেন কর্মীরা। এছাড়া নানা সংস্থার ছুটির ব্যাপারে নিজেদের কিছু বিশেষ নিয়ম নীতিও থেকে থাকে। তবে এক সংস্থা নোটিস দিয়ে জানিয়েছে, এবার থেকে আর কর্মীদের সন্তানদের অসুস্থতা, তাঁদের ছুটির কারণ হিসেবে গ্রাহ্য হবে না।
অফিসের ওই নোটিসের ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে এক কর্মী। রেডডিটে একজন লিখেছেন, কর্মীদের সন্তান অসুস্থ হওয়া, কোনও কর্মীর ছুটির জন্য পর্যাপ্ত কারণ নয়। লেখা হয়েছে, ‘আমরা আপনার সন্তানদের নিয়োগ করি না এবং তাদের অসুস্থতার কারণে আপনার কাজ মিস করার জন্য এটি কোনও অজুহাত নয়।'
ওই কর্মীর সমাজমাধ্যমে পোস্টের পরেই, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্যরা। কেউ কেউ প্রশ্ন করছেন, ‘তাহলে কি এবার থেকে অসুস্থ সন্তানকে নিয়ে কাজের জায়গায় যেতে হবে?’ একজন আবার লিখেছেন, সংস্থা কর্মীর সন্তানদের নিয়োগ না করলেও, কর্মীরা সামাজিক। তাঁদের বাবা-মা, পরিবার, আত্মীয় পরিজনের তা৬দের প্রয়োজন। আর সেই কারণেই নানা কারণে, নানা অনুষ্ঠানে কর্মীদের উপস্থিত থাকতে হবে। তাহলে, সংস্থা তেমন কাউকেই নিয়োগ করুক, যার কোনও আত্মীয়-পরিজন নেই। অনেকেই সমাজমাধ্যমে ওই সংস্থার নামও জানতে চেয়েছেন বারবার।
