আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগ। আটক বাংলাদেশি নৌকা। সূত্রের তথ্য, ইন্ডিয়ান কোস্ট গার্ডের জাহাজ আইসিজিএস অমৃত কৌর (ICGS Amrit Kaur) ১৫ ফেব্রুয়ারি উত্তর বঙ্গোপসাগরে নজরদারি চালানোর সময় ভারতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (EEZ) অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১টি বাংলাদেশি মাছ ধরার নৌকা (BFB) আটক করে। নৌকাটিতে থাকা মোট ২৮ জন মৎস্যজীবীকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে নজরে এল বাংলাদেশের নৌকা? তথ্য, টহল চলাকালীন কোস্ট গার্ডের জাহাজটি ভারতীয় জলসীমার ভেতরে বাংলাদেশি নৌকাটিকে মাছ ধরতে দেখতে পায়, যা ১৯৮১ সালের মেরিটাইম জোনস অফ ইন্ডিয়া (রেগুলেশন অফ ফিশিং বাই ফরেন ভেসেলস) আইন (MZI Act)-এর লঙ্ঘন করেছে নিয়ম অনুসারে। সূত্রের তথ্য, তারপরেই কোস্ট গার্ডের বোর্ডিং দল নৌকাটিকে থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশির সময় নৌকার ক্রুরা ভারতীয় সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার কোনও বৈধ অনুমতি বা নথি দেখাতে পারেননি। বৈধ নথি দেখাতে ব্যর্থ হওয়ার পরেই জোরদার হয় তল্লাশি এবং তদন্ত প্রক্রিয়া। নৌকায় থাকা মাছ ধরার সরঞ্জাম ও ধৃত মাছ থেকে প্রমাণ মেলে যে, নিষিদ্ধ এলাকায় সক্রিয়ভাবে মাছ ধরার কাজ চলছিল। 

পরবর্তীতে নৌকাটি এবং ২৮ জন মৎস্যজীবীকে হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরুর জন্য নিরাপদে ফ্রেজারগঞ্জে নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, এই অভিযানের মাধ্যমে ভারতীয় কোস্ট গার্ড আবারও প্রমাণ করল যে তারা দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষা, অবৈধ মাছ ধরা রোধ এবং অঞ্চলে কর্মরত ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উত্তর ও মধ্য বঙ্গোপসাগর জুড়ে সার্বক্ষণিক সমুদ্র ও আকাশপথে নজরদারি চালিয়ে ভারতীয় কোস্ট গার্ড সামুদ্রিক আইন প্রয়োগ এবং জাতীয় সামুদ্রিক সম্পদ সুরক্ষায় নিয়মিত তৎপর তারা।