আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার মালকানগিরি জেলার একটি সরকারী আবাসিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী সোমবার সন্ধ্যায় বোর্ড পরীক্ষার পর একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে। যা নিয়ে প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে।
ছাত্রীটি স্কুলের হোস্টেলে থাকাকালীন পড়াশোনা চালিয়ে যাচ্ছিল এবং পরীক্ষা দিচ্ছিল, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর শারীরিক অবস্থার কোনো খোঁজ নেয়নি।
ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুল প্রশাসনের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে শিক্ষকরা হোস্টেল ওয়ার্ডেনকে দায়ী করেছেন।
ঘটনার পর চিত্রাকোন্ডা পুলিশ এবং জেলা কল্যাণ কর্মকর্তা (ডিডব্লিউও) তদন্ত শুরু করেছেন। তাঁরা খতিয়ে দেখছেন কীভাবে বিষয়টি কারো নজরে আসেনি এবং পরবর্তী পদক্ষেপ কী হবে।
চিত্রাকোন্ডা পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি, তবে তাঁরা হাসপাতাল থেকে ফিরে অভিযোগ দায়ের করবেন বলে আশ্বাস দিয়েছেন।
পুলিশের মতে, ১৫ বছর বয়সী ছাত্রীটির স্থানীয় এক যুবকের সাথে সম্পর্ক ছিল এবং সেই যুবকই সন্তানের পিতা। অভিযুক্ত যুবকের সন্ধানে পুলিশ তল্লাশি করছে।
এখনও পর্যন্ত স্কুল বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেয়েটি ও তাঁর সন্তান বর্তমানে মালকানগিরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
