আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে আন্দোলনকারী ছাত্রীকে প্রকাশ্যে ঠাটিয়ে চড়। দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিকের কীর্তি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এবার সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ! যন্তর মন্তরে আন্দোলনের এলাকা থেকেই এবার সরিয়ে দেওয়া হল দিল্লি পুলিশের ওই আধিকারিককে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুলিশের ওই সিনিয়র আধিকারিকের নাম, সন্দীপ লাম্বা। তিনি অডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ পদে রয়েছেন। গত ২০ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 'চলো সংসদ' বিক্ষোভ কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে জমায়েত করেছিল ককরোচ জনতা পার্টি। সেই প্রতিবাদ কর্মসূচিতেই ছিলেন এক ছাত্রী।‌ বিক্ষোভ মিছিলের মাঝেই ওই আন্দোলনকারী ছাত্রীকে ঠাস করে চড় মারতে দেখা যায় ওই পুলিশ আধিকারিককে। 

 

প্রাক্তন তৃণমূল সাংসদ সাকেত গোখলে দিল্লি পুলিশ আধিকারিক সন্দীপ লাম্বার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এমনকী দিল্লি হাইকোর্টেও মামলার শুনানি চলাকালীন দিল্লি পুলিশ আধিকারিকের এহেন আচরণ ঘিরেও সরব হন আইনজীবীরা। 

 

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় দিল্লিতে। যন্তর মন্তরের সামনে থেকে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে দিল্লি পুলিশ। এর জেরে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, আটক করার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। একাধিক আন্দোলনকারী এই ঘটনায় আহত হন। 

 

নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে আন্দোলন আরও জোরদার হচ্ছে দিল্লির যন্তর মন্তর চত্বরে। আন্দোলনকারী ছাত্রছাত্রী, ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী। প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে এই ছাত্র আন্দোলনেই সক্রিয় ভূমিকা পালন করছে ককরোচ জনতা পার্টি। বুধবার রাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল যন্তর মন্তর চত্বর। বৃহস্পতিবারেও এই আন্দোলনে জমায়েত আরও বাড়ছে। 

 

নিরাপত্তার কারণেই সকাল সাড়ে ৭টা থেকেই বন্ধ রাখা হয়েছে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। এর মধ্যে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি রয়েছে।