আজকাল ওয়েবডেস্ক: প্রবল ক্ষোভের মুখে, বৃহস্পতিবারেই কেন্দ্র জানিয়েছিল, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রুখতে এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে বড় পদক্ষেপের কথা। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, প্রশ্নফাঁসের মতো ঘটনায় যুক্তদের দ্রুত এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করতে সরকার বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতেও প্রধানমন্ত্রী ঘোষণা করেন, শুক্রবারেই ক্যাবিনেট বৈঠকে নিট দুর্নীতিকাণ্ড নিয়ে তিনি পুনরায় আলোচনা করবেন এবং এর পরই অপরাধীদের কঠোরতম শাস্তি সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নেওয়া হবে। কোনওভাবেই তাদের রেয়াত করা হবে না বলেই জানিয়েছেন তিনি।

শুক্রবার সকাল থেকে জল্পনা, প্রশ্ন-ফাঁসে, কোন কোন কঠোড় পদক্ষেপ গ্রহণ করতে পারে কেন্দ্র? 
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী গভীর রাতে বার্তা দেওয়ার পরেই,  'পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪'-কে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য, সংশোধনী আনার পরিকল্পনা করছে। সূত্রের খবর, ২৪ জুলাই, বিকেলে মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনা হতে চলেছে। সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার বিচারের জন্য দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের একটি বিধান আইনে যুক্ত করা হতে পারে।

 

বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রী এই ফাস্ট ট্র্যাক গঠনের কথা জানিয়েছিলেন। তিনি জানান, 'আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি দিতে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।'  অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রেও উত্তাল সংসদ। এদিন মুলতুবি হয় অধিবেশনও।