আজকাল ওয়েবডেস্ক: লাঠিচার্জ, পুলিশের বাধা সত্ত্বেও সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেল 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)। তার মধ্যেও একটি বড় দাবি করেছে সিজেপি। নেতৃত্বের দাবি, এই প্রথমবার সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, তাঁরা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
বর্ষাকালীন অধিবেশনের শুরুর দিনই সংসদ অভিমুখে পরিকল্পিত পদযাত্রার আগে প্রতিবাদস্থলে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে। টুইটারে দলের মুখপাত্র সৌরভ দাস বলেন, "ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আমি এবং আশুতোষ রাঙ্কা জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছি। সকালে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। আমাদের দাবিগুলো স্পষ্ট। বিপুল সংখ্যক তরুণ-তরুণী এখানে সমবেত হয়েছেন।"
তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও কিছু নিশ্চিত করা হয়নি।
যদি এই দাবি সত্য হয়, তবে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে চলা অনশন কর্মসূচিতে হস্তক্ষেপের ব্যাপক আহ্বানের মাঝে সরকারের পক্ষ থেকে এটিই হবে প্রথম কোনও যোগাযোগ।
যন্তর মন্তরে যখন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, ঠিক তখনই সিজেপি-র এই নতুন দাবি সামনে এল।
এর আগে সৌরভ দাস জানিয়েছিলেন যে তাঁদের সংগঠন সরকারের সঙ্গে "আলোচনা করতে ইচ্ছুক"। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, "অনেক দেরি প্রস্তাব এল, কিন্তু আমরা আলোচনার জন্য আমাদের দরজা খোলা রেখেছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এখন সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।"
গত মাস থেকে অনশনরত সোনম ওয়াংচুককে শনিবার (১৮ জুলাই) পুলিশ সাফদারজং হাসপাতালে নিয়ে যায়। এরপর সিজেপি-র নেতৃত্বাধীন এই প্রতিবাদ আরও জোরদার হয়ে ওঠে, কারণ সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন।
















