আজকাল ওয়েবডেস্কঃ রাজধানী দিল্লিতে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত। যার জেরে সুপ্রিম কোর্ট সংলগ্ন মেট্রো স্টেশন-সহ একাধিক মেট্রো স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন আইনজীবী, মামলাকারী এবং আদালতের কর্মীরা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) বিষয়টি আদালতে উত্থাপন করার পরই ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, দুপুরের মধ্যে এই সমস্যার সমাধান না হলে তিনি নিজেই হস্তক্ষেপ করবেন।
এসসিবিএ-র সভাপতি বিকাশ সিং প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়েছে, মেট্রো পরিষেবা বন্ধ থাকায় আদালতে পৌঁছনো অসম্ভব হয়ে পড়েছে। তাই তাঁর প্রস্তাব, সুপ্রিম কোর্ট সংলগ্ন মেট্রো স্টেশনের এক্সিট পয়েন্টে কড়া চেকিংয়ের ব্যবস্থা করা হোক। কেবল শীর্ষ আদালতের বৈধ প্রক্সিমিটি কার্ড বা অফিশিয়াল পরিচয়পত্র থাকা আইনজীবী ও কর্মীদের সেখান থেকে বের হতে দেওয়া হোক। বাকিদের অন্য ট্রেনে পাঠিয়ে দেওয়া হোক।
সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিভাগ ইতিমধ্যেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে।
সূর্য কান্ত বলেন: "সকালেই বিষয়টি জানানো হয়েছে। দুপুরের মধ্যে সমাধান না হলে আমি নিজেই ব্যবস্থা নেব।" পাশাপাশি, পরিবহণ সংক্রান্ত সমস্যার কারণে কোনও আইনজীবী আদালতে উপস্থিত হতে না পারলে, তাঁদের অনুপস্থিতির জন্য কোনও শাস্তিমূলক নির্দেশ জারি না করার স্পষ্ট নির্দেশও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, 'কোকরোচ জনতা পার্টি'-র বিক্ষোভের কারণে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবারও সকাল সাড়ে ৭টা থেকে সুপ্রিম কোর্ট, রাজীব চক, মান্ডি হাউস, আইটিও, সেন্ট্রাল সেক্রিটেরিয়েট-সহ ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে রাজীব চক ও মান্ডি হাউসের মতো প্রধান স্টেশনগুলিতে ট্রেন পাল্টানোর সুযোগও চালু রয়েছে।
















