আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের বিখ্যাত চারধাম যাত্রা। চলতি বছর এপ্রিল মাসের ১৯ তারিখ থেকে এই বছরে যাত্রা শুরু হবে। সেই যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, আজ শুক্রবার থেকে। রাজ্য সরকারের এক সরকারি বিবৃতি তেমনটাই জানিয়েছে।
কেদারনাথ মন্দির, বদ্রিনাথ মন্দির, গঙ্গোত্রী মন্দির ও যমুনেত্রী মন্দির। এই চার মন্দিরকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের চারধাম যাত্রা। হিন্দু ধর্মাবলম্বীরা এই যাত্রাকে বিশেষ মাত্রায় পবিত্র বলে মনে করে।
হিন্দু ধর্মে মনে করা হয়, এই চারটি পবিত্র ধাম দর্শন করলে মানুষের পাপ ক্ষয় হয়। এমনকী আত্মার মুক্তি বা মোক্ষ লাভের পথ সহজ হয়। দেবী যমুনার উৎসস্থানে আছে যমুনেত্রী মন্দির। পবিত্র গঙ্গা নদীর উৎসস্থান হিসেবে ভীষণ পবিত্র বলে মনে করা হয় গঙ্গোত্রী মন্দিরকে। ভগবান শিবের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ-এর স্থান হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ কেদারনাথ মন্দির, এবং ভগবান বিষ্ণুর পবিত্র ধাম হিসাবে গুরুত্বপূর্ণ বদ্রিনাথ মন্দির।
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, এই চারটি ধাম দর্শন করলে জীবনের পাপ ধুয়ে যায়। অনেক ভক্ত আবার এও মনে করেন, এই তীর্থযাত্রা করলে জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে বহু মানুষ হিমালয়ের নির্জন ও পবিত্র পরিবেশে ঈশ্বরের সাধনা করার জন্য এই যাত্রা করে থাকে।
প্রতি বছর, চার ধামে এপ্রিল মে মাসে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমে। সেই ভিড় নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভম হয়ে পড়ে। হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকায় মন্দিরের অবস্থান হওয়ায় ব্যাবস্থা করতে হবে থাকা খাওয়া এবং জরুরিকালীন স্বাস্থ্য পরিসেবা। কিন্তু, কতজন দর্শনার্থী উপস্থিত থাকবেন, সেই হিসেব না থাকলে সমস্যায় পড়তে হয় কর্তৃপক্ষকে। ফলে অনেক সময়ে দেখা গিয়েছে, কিছু দর্শনার্থী ক্ষতিগ্রস্থ হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই অনলাইন রেজিষ্ট্রেশনের একাধিক কারণ রয়েছে। যেমন ভিড় নিয়ন্ত্রণ করা, পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও স্বাস্থ্যকর্মী মজুত রাখা। সর্বোপরি যাত্রীদের ফোন নম্বর ঠিকানা ইত্যাদি তথ্য থাকলে যেকোনও সাহায্য অতি দ্রুত পাঠানো সম্ভব হবে৷
সরকারি সূত্র অনুযায়ী, ৬ মার্চ সকাল ৭টা থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তীর্থযাত্রীরা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। যাত্রা শুরু হওয়ার দুই দিন আগে, অর্থাৎ ১৭ এপ্রিল থেকে অফলাইন রেজিস্ট্রেশন চালু হবে। অফলাইন রেজিস্ট্রেশনের কাউন্টার খোলা হবে, ঋষিকেশ, হরিদ্বার এবং দেরাদুনে।
প্রসঙ্গত, এ বছর চারধাম যাত্রা শুরু হবে ১৯ এপ্রিল। এ বছর অক্ষয় তৃতীয়াও পড়ছে ওই একই দিনে। হিন্দুদের আরও এক শুভ উৎসব এই অক্ষয় তৃতীয়া। সেই উপলক্ষে খুলবে গঙ্গোত্রী মন্দির এবং যমুনেত্রী মন্দিরের দরজা। এরপর এপ্রিলের ২২-এ খুলবে কেদারনাথ মন্দিরের দরজা ও ২৩-এ খুলবে বদ্রিনাথের দরজা।
প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই চারধাম যাত্রায় অংশ নেন। শত শত বছর ধরে এই তীর্থযাত্রা চলে আসছে। অনেকের কাছে এই তীর্থযাত্রা গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য। তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
