আজকাল ওয়েবডেস্ক: 'ডিজিটাল গ্রেপ্তারি' প্রতারণায় ব্যবহৃত ডিভাইস আইডিগুলো ব্লক করা হবে। হোয়াটসঅ্যাপকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র। সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই এই নির্দেশ বলে সূত্রের খবর। স্বরাষ্ট্র মন্ত্রকেরর সাইবার শাখা বা 'I4C'-এর একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই পদক্ষেপ করেছে। ওই প্রতিবেদনে সাইবার প্রতারণার ক্রমবর্ধমান ঝুঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
প্রতারকরা তাদের অপতৎপরতা অব্যাহত রাখতে প্রায়শই নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করে থাকে। এর ফলে, বারবার অপব্যবহার রোধে কর্তৃপক্ষ এখন 'ডিভাইস-স্তরের' বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের সুরক্ষামূলক বা 'সেফটি ফিচার' চালু করার সম্ভাবনাও খতিয়ে দেখছে সরকার।
সরকারি কর্মকর্তারা আরও জোর দিয়ে বলছেন যে, 'আইটি বিধিমালা ২০২১' (IT Rules 2021) অনুযায়ী, মুছে ফেলা বা ডিলিট করা অ্যাকাউন্টগুলোর তথ্য ১৮০ দিন পর্যন্ত সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাঁদের মতে, তদন্ত চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে তদন্তকারী সংস্থাগুলোকে এই পদক্ষেপ সহায়তা করবে। এ ছাড়াও, এই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত ক্ষতিকর APK ফাইল এবং ভুয়ো অ্যাপগুলোকে শনাক্ত ও ব্লক করার জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
'ডিজিটাল গ্রেপ্তারি' প্রতারণার ক্ষেত্রে, প্রতারকরা পুলিশ বা আইন বলবৎকারী সংস্থার ছদ্মবেশে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখায় এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। জালিয়াতরা প্রায়শই হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও কল করে এবং একটি কৃত্রিম 'ডিজিটাল গ্রেপ্তারি'-র আবহ তৈরি করে ভুক্তভোগীদের ওপর চাপ সৃষ্টি করে। এই চাপেই ভুক্তভোগিরা টাকা পাঠিয়ে দিতে বাধ্য হয়। সরকারের গৃহীত এই সর্বশেষ পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হল, এই ধরনের অপতৎপরতা রোধ করা এবং ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা।
