আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসেই ঘোষণা করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম শ্রেণির ফলাফল। ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হল দ্বিতীয় পর্বের পরীক্ষার দিন। প্রকাশ করা হল পরীক্ষার সময়সূচি।

 

বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, দ্বিতীয় পর্বের পরীক্ষা গ্রহণ করা হবে মে মাসে। পরীক্ষা শুরু ১৫ মে। শেষ হবে ২১ মে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে পরীক্ষা। গণিতের (স্ট্যান্ডার্ড এবং বেসিক)-এর পরীক্ষা হবে ১৫ মে। কমিউনিকেটিভ ইংরেজি এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের পরীক্ষা হবে ১৬ মে। ১৮ মে নেওয়া হবে বিজ্ঞানের পরীক্ষা। ১৯ মে হিন্দি, পঞ্জাবি, বাংলা, তামিল, তেলুগু, মরাঠি, গুজরাতির-মতো বিভিন্ন ভাষা এবং হিন্দুস্তানি মিউজিকের পরীক্ষা হবে। ২০ মে, বুধবার, ইনফরমেশন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর পরীক্ষা। ২১ মে, শেষদিনে হবে সমাজবিজ্ঞানের পরীক্ষা। শীঘ্রই প্রকাশ করা হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

 

প্রসঙ্গত, এ বছর থেকেই বছরে দু'বার অর্থাৎ দু'টি পর্বে দশম শ্রেণির পরীক্ষার আয়োজন করা হচ্ছে। গত বছরের মাঝামাঝি সময়েই বোর্ডের তরফে এই ঘোষণা করা হয়েছিল। পড়ুয়াদের পড়াশোনার চাপ কমাতে এবং মূল্যায়নের উন্নতির লক্ষ্যেই এমন সিদ্ধান্ত গ্রহণ করে বোর্ড। দেশের একাধিক সিবিএসই স্কুলের মতামতের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয় সিবিএসই। প্রক্রিয়া চলতি বছরের ৯ মার্চ শেষ হয়। তার পরই বছরে দু’বার পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বোর্ডের তরফে। তবে শর্ত রাখা হয়, পরীক্ষার্থীদের জন্য দশমের প্রথম পরীক্ষাতে বসা বাধ্যতামূলক। প্রথম পর্বের পরীক্ষায় যদি কোন পরীক্ষার্থী তিনটি বা তার বেশি বিষয়ে পরীক্ষায় না বসে, তারা দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে না বলে জানানো হয়। যারা প্রথম পর্বের ফল দ্বিতীয় পর্বে আরও ভাল করতে ইচ্ছুক, তারা বেশ খানিকটা সুবিধা পাবে বলে মনে করেছিল শিক্ষকদের একাংশ।

 

উল্লেখ্য, এ বছর প্রথমে পর্বের পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ১৫ এপ্রিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ২৫ লক্ষ। ভারত এবং বিদেশের বিভিন্ন শহর মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রথম পর্বে মোট পাশের হার ৯৩.৭০ শতাংশ। পরীক্ষায় ফলাফলে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৯২.৬৯ শতাংশ। অন্য দিকে ছাত্রীদের পাশের হার ৯৮.৯৯ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর সামান্য বেড়েছে পাশের হার।