আজকাল ওয়েবডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। তবে বুধবার রুটিন চেক আপ সেরে তিনি বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সনিয়ার পাকস্থলী এবং মূত্রনালীর সংক্রমণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই জ্বর এবং সংক্রমণের কারণে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সনিয়া। ফের তাঁর অসুস্থতার খবর মেলায় উদ্বেগ ছড়ায় রাজনৈতিক মহলে। মায়ের শরীর খারাপের কথা শুনেই কেরল সফর বাতিল করে তড়িঘড়ি দিল্লি ফিরে আসেন রাহুল গান্ধি।
কোঝিকোড়ের একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে রাহুল বলেন, ‘‘আমি ওখানে যেতে চেয়েছিলাম। কিন্তু মা হাসপাতালে ভর্তি হওয়ায় এক জন সন্তান হিসেবে আমি তাঁর পাশে থাকাটাই জরুরি মনে করেছি। কেরলের মানুষ নিশ্চয়ই আমার এই অপারগতা বুঝবেন।’’ মায়ের সেবায় নিযুক্ত কেরলের এক নার্সের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাহুল।
গত কয়েক বছর ধরেই মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ছেন সনিয়া গান্ধি। গত বছরের জুন মাসেও পেটের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ২০২৫ সালের মাঝামাঝি সময়েও হিমাচল প্রদেশে থাকাকালীন এক বার অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।















