আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশ হঠাৎ করেই বিশৃঙ্খলা ও আতঙ্ক। বৃন্দাবনের বিখ্যাত কেশিঘাটের কাছে যমুনা নদীতে যাত্রী বোঝাই একটি নৌকা উল্টে বিপত্তি। নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। ১০ জনেরও বেশি এখনও নিখোঁজ। ফলে এলাকাজুড়ে শোকের ছায়া। 

বৃন্দাবনের কেশিঘাট একটি অত্যন্ত জনবহুল এলাকা। এই এলাকা তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে সান্ধ্যকালীন প্রার্থনা ও নৌকাভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নৌকাটি যখন একদল যাত্রী নিয়ে যাচ্ছিল, তখন সেটি ভারসাম্য হারিয়ে যমুনার গভীর জলে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ, ডুবুরি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় মাঝি ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কয়েকজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। মথুরা জেলার প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। দিনের আলো ম্লান হয়ে আসা এবং নদীর প্রবল স্রোতের কারণে বর্তমানে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। 

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।