আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে এক ৩০ বছর বয়সী যুবক, যার নাম অভিষেক এমআর, পিভিআর সিনেমা, আইনক্স এবং বুকমাইশো-র বিরুদ্ধে মামলা করে ৬৫,০০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। তাঁর অভিযোগ ছিল, ২০২৩ সালে তিনি 'স্যাম বাহাদুর' সিনেমার ৪.০৫-এর শো-র তিনটি টিকিট বুক করেছিলেন। সিনেমাটি শেষ হওয়ার কথা ছিল ৬.৩০ মিনিটে কিন্তু সিনেমা শুরু হয় ৪টে ৩০-এ, কারণ তার আগে প্রায় ২৫-৩০ মিনিট ধরে বিজ্ঞাপন এবং ট্রেলার দেখানো হয়।

অভিষেকের দাবি ছিল যে, এই বিজ্ঞাপন দেখানোর জন্য তাঁর গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে, যার ফলে তিনি তাঁর অন্যান্য কাজ ও অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন। তিনি এই ঘটনার জন্য মানসিক যন্ত্রণা পেয়েছেন এবং এটা একটা "অন্যায্য বাণিজ্যিক পদ্ধতি" হিসেবে গণ্য হওয়া উচিত।

উপভোক্তা আদালত বলেছে, "সময় মানে টাকা", এবং পিভিআর ও আইনক্সকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ এবং ৫,০০০ টাকা 'মানসিক কষ্টের' জন্য দিতে নির্দেশ দিয়েছে ক্ষতিপূরণ হিসেবে। আদালত আরও ১০,০০০ টাকা মামলার খরচ এবং অন্যান্য সাহায্যের জন্য দিতে বলেছে। এছাড়াও পিভিআর এবং আইনক্সকে ১ লাখ টাকা উপভোক্তা কল্যাণ তহবিলে জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নিজেদের আত্মপক্ষ সমর্থনে পিভিআর সিনেমা এবং আইনক্স কর্তৃপক্ষ জানায় যে আইন অনুযায়ী তাঁরা জনপরিসেবামূলক বিজ্ঞাপন দেখাতে বাধ্য যাতে মানুষের সচেতনতা বাড়ে। যদিও আদালত সেই যুক্তি উড়িয়ে দিয়ে বলে এই ধরণের বিজ্ঞাপন সিনেমা শুরু আগে দশ মিনিট এবং দ্বিতীয়ার্ধে সিনেমা শুরু আগে দশ মিনিট দেখানো উচিৎ।