আজকাল ওয়েবডেস্ক: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকাকে সারপ্রাইজ দেবেন বলে স্থির করেন প্রেমিক। কিন্তু তার জন্য অপেক্ষা করছিল প্রেমিকার এক ভয়ানক সারপ্রাইজ। প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ার খবর পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন ২৬ বছরের এক বডিবিল্ডার ও জিম প্রশিক্ষক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কিরণ (২৬)। ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত প্রায় তিন বছর ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন কিরণ। শনিবার ওই তরুণীর সঙ্গে দেখা করতে গেলে তিনি জানান যে তাঁর বিয়ে অন্য একজনের সঙ্গে চূড়ান্ত হয়েছে। শুধু তাই নয়, তিনি নাকি বিয়ের নিমন্ত্রণপত্র এবং নতুন শাড়িও কিরণকে দেখান। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন যুবক।
পরিবারের সদস্যদের দাবি, বাড়ি ফিরে কিরণ অত্যন্ত হতাশ অবস্থায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মহালক্ষ্মী লেআউট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কিরণের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই নোটে তিনি তাঁর প্রেমিকা ও প্রেমিকার মাকে এই চরম সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন বলে পুলিশ সূত্রে খবর।
কিরণের পরিবারের অভিযোগ, ওই তরুণী ও তাঁর পরিবার মানসিক এবং আর্থিকভাবে কিরণকে ব্যবহার করেছেন। তাঁদের দাবি, তরুণীর পরিবারের নেওয়া প্রায় ৫০ লক্ষ টাকার ঋণ শোধ করতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিরণ। এছাড়াও জানা গেছে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিরণ প্রেমিকার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করছিলেন।
পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে আর্থিক লেনদেন ও মানসিক চাপে আত্মহত্যার প্ররোচনার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এই মর্মান্তিক ঘটনায় আবারও সামনে এল তরুণ সমাজে সম্পর্কজনিত মানসিক চাপের প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, প্রেম বা ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিতে মানসিক সহায়তা ও কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
