আজকাল ওয়েবডেস্ক: তিন বছরের সম্পর্ক, কিন্তু প্রেমিকা হঠাৎই জানিয়েছিলেন যে তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছে অন্য কারও সঙ্গে। যা শোনার কয়েক ঘণ্টার মধ্যেই ঝুলন্ত দেহ মিলল বেঙ্গালুরুতে ২৬ বছর বয়সী বডিবিল্ডার কিরণের।
পেশায় বডি বিল্ডার এবং জিম প্রশিক্ষক কিরণ। গত তিন বছর ধরে ওই মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, শনিবার কিরণ তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই প্রেমিকা তাঁকে অন্য একজন পুরুষের সঙ্গে তার বাগদানের কথা বলেন। সেই খবরে বিরক্ত বোধ করেন করণ। তারপর নিজের মহালক্ষ্মী লেআউটের বাড়িতে ফিরে আসেন বডিবিল্ডার।
এরপর থেকে হতাশ কিরণ আর ঘর থেকে বেরোননি। উদ্বিগ্ন পরিবারের লোকেরা শেষপর্যন্ত কিরণের ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকেন। শেষমেষ রবিবার সকাল ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কিরণের মৃতদেহ।
কিরণের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মামলার বিভিন্ন দিক তদন্ত করছে, যার মধ্যে কিরণের ঘর থেকে উদ্ধার হওয়া একটি সিউসাইড নোটও রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিরণের প্রেমিকাকেও।
হেল্পলাইন
ভান্দ্রেওয়ালা ফাউন্ডেশন ফর মেন্টাল হেলথ ৯৯৯৯৬৬৬৫৫৫ অথবা help@vandrevalafoundation.com
TISS আইকল ০২২-২৫৫২১১১১ (সোমবার-শনিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা)
(আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় বা আপনি এমন কাউকে চেনেন যার সাহায্যের প্রয়োজন, তবে অনুগ্রহ করে আপনার নিকটতম মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।)
