আজকাল ওয়েবডেস্ক: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার ছত্তিশগড়ের শক্তি জেলায় অবস্থিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লারে বিস্ফোরণ হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সক্তী জেলার পুলিশ সুপার প্রফুল ঠাকুর জানিয়েছেন, বিস্ফোরণে এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বিদ্যুৎকেন্দ্রটিতে বয়লার বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং কর্মীরা নিরাপদ আশ্রয়ের জন্য তাড়াহুড়ো করতে শুরু করলে বিদ্যুৎকেন্দ্রের ভিতরে পদপিষ্ঠের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার অভিযান শুরু করতে ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে রায়গড়ের এসডিএম মহেশ শর্মা বলেন, “বেদান্ত প্ল্যান্টে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কয়েকজন কর্মী আহত হয়েছেন।”
এক বিবৃতিতে বেদান্ত বিদ্যুৎ কেন্দ্রের মুখপাত্র বলেছেন, “২০২৬ সালের ১৪ই এপ্রিল বিকেলে আমাদের সিংহিতারাই প্ল্যান্টের একটি বয়লার ইউনিটে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের উপ-ঠিকাদার এনজিএসএল-এর কর্মীরা কাজ করছিলেন। তারা ইউনিটটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে।”
তিনি আরও বলেন, “আমাদের অগ্রাধিকার হল ক্ষতিগ্রস্ত সকলের জন্য সর্বোত্তম সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করা। আমরা আহতদের পাশে আছি এবং চিকিৎসা দল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি। আমাদের সহযোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা হয়েছে। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমাদের গভীর সমবেদনা। তথ্য সংগ্রহ করার সময়টুকুতে আমরা আপনাদের সহযোগিতা ও সময় কামনা করছি।”















