আজকাল ওয়েবডেস্কঃ অসমের কাছাড় জেলার উধারবন্দে ভয়াবহ দুর্ঘটনা। একটি মেটাল প্রসেসিং কারখানায় গলিত ধাতু থেকে বিস্ফোরণ ঘটে। ঘটনায় চারজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টা নাগাদ ‘কেড গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এলএলপি’-র পানগ্রামস্থিত ইউনিটে ঘটেছে এই দুর্ঘটনা। বিস্ফোরণের বিকট শব্দে সেই সময় গোটা এলাকা কেঁপে ওঠে বলেও খবর সংবাদমাধ্যমে।
জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পৌঁছতেই দেখেন, বিস্ফোরণের তীব্রতায় নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের সেখান থেকে পাঠানো হয় হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, চার শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন অপ্পু বোরাইক, কিরণ মুন্ডা, শ্যামল গৌড় এবং ত্রিপুরার আগরতলার বাসিন্দা সাগর নাথ। ইতিমধ্যে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান অসমের মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টির নজরদারি করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, কারখানার মালিকপক্ষকেও যথাযথ ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকারের তরফে মোট চারটি স্তরের তদন্ত প্রক্রিয়া চালু করা হয়েছে। দুর্ঘটনার জন্য ম্যাজিস্ট্রেট, শ্রম কমিশনার, পুলিশ ও রাজ্যভিত্তিক পর্যালোচনা শুরু হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবারের দাবি, কারখানায় এর আগেও একাধিক ছোটখাটো বিস্ফোরণ হয়েছে। তা সত্ত্বেও সেই ঘটনাগুলি চেপে যাওয়া হয়েছিল। রবিবারের ঘটনার পর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে কারখানার বাইরে শতাধিক মানুষ বিক্ষোভ দেখান। তবে কারখানা কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি।
















