আজকাল ওয়েবডেস্ক: দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘এক্সট্রিম ওয়েদার গ্রেড’ ডিজেল উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ।

মূলত ভারতীয় সেনাবাহিনীর উচ্চ হিমালয় ও বরফে ঢাকা সীমান্ত এলাকায় যানবাহন আরও ভালোভাবে চালানোর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি এক্সট্রিম ওয়েদার গ্রেড (XWG) ডিজেল চালু করার ফলে বাহিনীর জন্য অত্যন্ত লাভজনক হবে ।

ভারতীয় সেনা এবং দেশের অয়েল মার্কেটিং কোম্পানিগুলির যৌথ উদ্যোগে তৈরি এই ডিজেল খুব কম তাপমাত্রাতেও কাজ করবে। সাধারণ ডিজেল খুব ঠান্ডায় ঘন হয়ে যায় এবং ফুয়েল ফিল্টার বন্ধ হয়ে যেতে পারে, ফলে গাড়ি চলতে সমস্যা হয়। কিন্তু নতুন XWG ডিজেল মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠিকভাবে কাজ করবে।

এই জ্বালানি BS-VI মান এবং IS 1460:2025 নিয়ম মেনে তৈরি করা হয়েছে। সবচেয়ে ভালো বিষয় হলো, এটি সেনাবাহিনীর বর্তমান যানবাহনেই ব্যবহার করা যাবে। ইঞ্জিনে কোনো পরিবর্তন বা নতুন অনুমোদনের দরকার হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এটি একটি বড় দেশীয় সাফল্য। এর ফলে খুব ঠান্ডা আবহাওয়াতেও সেনার যানবাহন সহজে চলবে এবং কাজের গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে। আগে শীতে যানবাহন চালু রাখতে যে অতিরিক্ত ব্যবস্থা নিতে হতো, এখন তা অনেকটাই কমে যাবে। এতে সেনাদের নিরাপত্তা ও মনোবলও বাড়বে।

তিনি আরও বলেন, মাত্র এক বছরের মধ্যে এই প্রযুক্তি তৈরি করা একটি বড় অর্জন। সেনা ও অয়েল কোম্পানিগুলিকে তিনি ধন্যবাদ জানান। ভবিষ্যতে এমন আরও বিশেষ জ্বালানি তৈরি করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই প্রযুক্তির সুবিধা শুধু সেনাবাহিনীই নয়, বরং খুব ঠান্ডা এলাকায় থাকা সাধারণ মানুষও পাবেন। পাহাড়ি ও শীতপ্রবণ অঞ্চলে যানবাহন ও যন্ত্রপাতি আরও ভালোভাবে কাজ করবে। এটি ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।