আজকাল ওয়েবডেস্ক: সূচি মেনেই ভারত সহ বিশ্ব বাজারে আইফোন ১৬ লঞ্চ করল অ্যাপল। পুরনো মডেলগুলির তুলনায় আইফোন ১৬ মডেলে বেশ কিছু আপগ্রেড রয়েছে বলে জানিয়েছে অ্যাপল। সংস্থার দাবি, এই আপগ্রেডই মানুষকে নতুন মডেল কিনতে বাধ্য করবে। আইফোন ১৬ সিরিজে রয়েছে চারটি ফোন। আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

 

 

জানা গিয়েছে, ভারতে শীঘ্রই শুরু হবে আইফোন ১৬-র প্রি অর্ডার। অনলাইন শপিং অ্যাপে পাওয়া যাবে নয়া মডেলের এই ফোন। ভারতীয় টাকায় আইফোন ১৬-র দাম ৭৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্লাসের দাম ৮৯,৯০০ টাকা এবং আইফোন ১৬ প্রো কিনতে গেলে দাম পড়বে ১,১৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,৪৪,৯০০ টাকা। নতুন সিরিজের প্রি অর্ডার ভারতে শুরু হবে ১৩ সেপ্টেম্বর, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। প্রথম বিক্রি শুরু হবে ২০ সেপ্টেম্বর।

 

 

যাঁরা প্রি অর্ডার করবেন তাঁরা ২০ সেপ্টেম্বর থেকেই ফোন কিনতে পারবেন। বাজারে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রবল চাহিদা দেখা গিয়েছে এই ফোনের। জানা গিয়েছে, অ্যাপলের এই নয়া মডেল এয়ারস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। মূলত, আল্ট্রামেরিন, টিল, গোলাপী, সাদা এবং কালো রঙে পাওয়া যাচ্ছে আইফোন ১৬। আইফোন ১৬-তে ৬.১ ইঞ্চি স্ক্রিন রয়েছে। আইফোন ১৬ প্লাসে তুলনায় বড় স্ক্রিন রয়েছে যার মাপ ৬.৭ ইঞ্চি।