আজকাল ওয়েবডেস্ক : এযেন হিন্দি সিনেমার গল্প। বাইকে টেস্ট ড্রাইভ করতে গিয়ে বাইক নিয়ে চম্পট। ঠিক এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের একটি বাইকের শোরুমে। অভিযুক্ত চা বিক্রি করে। বহুদিন ধরেই সে একটি নতুন বাইক কিনবে বলে ভাবছিল। কিন্তু তার হাতে সেই টাকা ছিল না।

 

শোরুম মালিকের বক্তব্য, ৩ নভেম্বর ওই ব্যক্তি তার দোকানে এসে একটি সেকেন্ড হ্যান্ড বাইর কিনতে চায়। তার দাম ছিল ১ লক্ষ টাকা। নিজের বাবাকে ডেকে নিয়ে আসার জন্য এরপর যায় অভিযুক্ত। খানিক পরে এক বৃদ্ধকে শোরুমে নিয়ে আসে সে। এরপর সে বাইকটি টেস্ট ড্রাইভ করতে চায়। তবে বাইকের চাবি হাতে আসতেই ওই বৃদ্ধকে পিছনে বসিয়ে সেখান থেকে সোজা চম্পট দেয় সে।

 

এরপর বেশ কয়েকঘন্টা কেটে যাওয়ার পর আর বাইক নিয়ে ফেরেনি অভিযুক্ত। যে বৃদ্ধ ব্যক্তিকে সে নিয়ে এসেছিল সে তার বাবা নয়, তার চায়ের দোকানে চা খেতে আসত। পুলিশে অভিযোগ দায়ের করার পর ধরা পড়ে অভিযুক্ত। তার কাছ থেকে বাইকটিও উদ্ধার করা হয়। জেরায় নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত।