আজকাল ওয়েবডেস্ক: নাসিকের টিসিএস-এর বিপিও-তে জোর করে ধর্মান্তকরণ ও যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় কাণ্ড। স্তম্ভিত গোটা দেশ। এর মধ্যেই সামনে এল মহারাষ্ট্রের অন্য প্রান্ত, নাগপুরে একই ধরনের আরেকটি ঘটনা। এনজিও-র আড়াতে চলত জোর করে ধর্মান্তকরণ ও শ্লীলতাহানির ঘটনা। এক্ষেত্রে ওই সংস্থার কর্মীদের অভিযোগের ভিত্তিতে রিয়াজ কাজী নামের এক এনজিও মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
'ফিকার ফাউন্ডেশন' এবং 'পড়ে হাম, পড়ায়ে হাম', নামের দু'টি এনজিও চালাতেন রিয়াজ কাজী। অভিযোগ এই এনজিও-র আড়ালে মহিলাদের ধর্মান্তকরণের জন্য চাপ সৃষ্টি দিতেন, তাদের ওপর ইসলামিক পোশাকবিধি চাপিয়ে দিতেন এবং নির্দিষ্ট কিছু ধর্মীয় রীতিনীতি পালনে বাধ্য করতেন।
পুলিশের মতে, অভিযুক্ত রিয়াজ কাজীর বিরুদ্ধে জোরজবরদস্তির অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে এমন একাধিক মহিলাও রয়েছেন, যাঁরা ওই এনজিওতেই কাজ করতেন। তাঁদের জবানবন্দির ওপর ভিত্তি করেই মানকাপুর থানার পুলিশ রিয়াজ কাজী-কে গ্রেপ্তার করেছে।
মানকাপুর থানার পরিদর্শক হরিশ কালসেকর কাজীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, তদন্তের কাজ এখনও চলছে। কাজী কতজন মহিলাকে ধর্মান্তরকরণের জন্য চাপ দিয়েছিলেন- পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে, মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা (এটিএস)-ও এই তদন্তে যুক্ত হয়েছে।
কর্তৃপক্ষ বর্তমানে ওই এনজিওগুলোর অর্থের উৎস বা তহবিল সংগ্রহের মাধ্যমগুলো পরীক্ষা করে দেখছে। এছাড়াও কতজন মহিলাকে ধর্মান্তকরণে বাধ্য করা হয়ে থাকতে পারে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে আনা জোরজবরদস্তি ও অসদাচরণের অভিযোগগুলো ঠিক কতটা গুরুতর, সে বিষয়টিও খতিয়ে দেখছে প্রশাসন।
টিসিএস-এর ধর্মান্তর সংক্রান্ত ঘটনাটি নিয়ে যখন পুরো দেশ তোলপাড় এবং ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক সেই সময়েই সামনে এল এই নতুন ঘটনাটি। টিসিএস-এর ঘটনার ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী ১৮ থেকে ২৫ বছর বয়সী মহিলা কর্মীদের নিশানা বানিয়েছিল।
এখন পর্যন্ত এই ঘটনায় মোট ন'টি এফআইআর দায়ের করা হয়েছে। যার মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন একজন পুরুষ কর্মী। সেই ব্যক্তিও তাঁর ওপর ধর্মীয় হয়রানি ও ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ এনেছেন। অভিযোগগুলোতে হিন্দু দেব-দেবীদের অবমাননা, জোর করে আমিষ খাবার খাওয়ানো এবং নির্দিষ্ট কিছু ধর্মীয় রীতিনীতি পালনে চাপ সৃষ্টি করার বিষয় উল্লেখ করা হয়েছে।
















