আজকাল ওয়েবডেস্ক: দেশ জুড়ে আয়োজন করা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা 'কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্রাজুয়েট' বা কুয়েট ইউজি। শনিবার, ৩০ মে, পরীক্ষার প্রথম অর্ধে বেশ কিছু কেন্দ্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে পরীক্ষা শুরু হতে দেরি হয়। এর জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আজ দুপুরের পর্বের পরীক্ষার সময় পরিবর্তন করতে হয়। দুপুর ৩টের পরিবর্তে পরীক্ষা শুরু হয় বিকেল ৪টে থেকে।
শনিবার একটি বিবৃতি দিয়ে এনটিএ জানিয়েছে, তাদের প্রযুক্তিগত সহায়তাকারী সংস্থা টিসিএস নির্দিষ্ট কিছু পরীক্ষা কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির সমস্যার কথা জানায়। তবে জলদিই সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। পরীক্ষার্থীদের আশ্বস্ত করে এনটিএ জানায়, এই দেরির কারণে যাতে কোনও পরীক্ষার্থীর ক্ষতি না হয়, তার জন্য তাদের পরীক্ষা শেষ করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দলগুলি। নিট, সিবিএসই এবং এসএসসি পরীক্ষার সাম্প্রতিক বিতর্কগুলিকে হাতিয়ার করে কেন্দ্রের মোদী সরকারকে একযোগে নিশানা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি।লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র আক্রমণ করে লেখেন, নিট, সিবিএসই, 'এসএসসি এবং আজ কুয়েট। চার-চারটি পরীক্ষা। এক কোটি পড়ুয়া। অথচ একটি পরীক্ষাও সততার সাথে নেওয়া গেল না!'। তিনি আরও হুঁশিয়ারি দেন, 'আপনারা যে প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছেন। সেই প্রজন্মই একদিন আপনাদের কাছ থেকে এর হিসাব বুঝে নেবে।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে 'এক্স'-এ একের পর পর এক পোস্ট করেন। এনটিএ-র নোটিশের ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আজ প্রযুক্তিগত সমস্যার অজুহাতে কুয়েট পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। সারা দেশের লক্ষাধিক পড়ুয়া আজ পরীক্ষা দেওয়ার অপেক্ষায় ছিল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানোর পর পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে এমন নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত অযোগ্য এই সংস্থা।"
আতিশির এই পোস্টটি শেয়ার করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কটাক্ষ করে লেখেন, 'দেশে একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন।' অন্যদিকে, আপ নেতা সৌরভ ভরদ্বাজ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরের বিশৃঙ্খলার ভিডিও শেয়ার করে আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই দেরির পেছনে বড় কোনও সুরক্ষার গাফিলতি বা নিয়ম লঙ্ঘনের কারণ থাকতে পারে।















