আজকাল ওয়েবডেস্ক: লেবাননে বিস্ফোরণের পরই সতর্ক ভারত সরকার। চিন দেশের তৈরি সিসিটিভির ওপর বিধিনিষেধ জারি হতে চলেছে। চিন দেশের তৈরি জিনিস ব্যবহার করা যাবে না এ দেশে। এই নীতি চালু হতে চলেছে আগামী ৮ অক্টোবর থেকে। 

 

কেন্দ্রের দাবি, যে সরঞ্জাম তৈরি হবে সেগুলো বিশ্বস্ত জায়গা থেকেই উৎপাদন হওয়া উচিত। সেই বিশ্বস্ততার জায়গা তৈরি করতে পারেনি চিন। তাই চিনের তৈরি জিনিস খোলা বাজারে আর বিক্রি করা হবে না। 

 

 

গত মার্চ মাস নাগাদই ভারতে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা বলেছিল কেন্দ্র। লেবাননে ঘটে যাওয়া বিস্ফোরণ আরও দ্রুততার সঙ্গে করল সে কাজ। 

 

 

চিনের তৈরি জিনিসপত্র বাজারদর অত্যন্ত কম হওয়ায় সেগুলি কিনতেই আগ্রহী হয় মানুষ। মূলত এই নিষেধাজ্ঞা জারি হয়েছে সিসিটিভির ওপর। সিপি প্লাস, হিকভিশন এবং ডাহুয়া ভারতের বাজারের প্রায় ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে। এরমধ্যে হিকভিশন এবং ডাহুয়া হচ্ছে চাইনিজ কোম্পানি। 

 

 

এর আগে ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার হিকভিশন এবং ডাহুয়ার তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সিসিটিভি ক্যামেরা থেকে ডেটা ফাঁস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং মানুষের গতিবিধি ট্র্যাক করতে ব্যবহার করা যেতে পারে। তাই এবার সতর্ক হল ভারত সরকার। 

 

 

প্রসঙ্গত, গত মাসে লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণ ঘটে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটে। ওয়াকি-টকি বিস্ফোরণ। পরপর দুদিন এই ভয়াবহ বিস্ফোরণে ৩৭ জন নিহত এবং তিন হাজার জন আহত হয়েছেন। তদন্তে উঠে আসে হাঙ্গেরিয়ান একটি ফার্মে তৈরির হওয়ার পর নর্থ গ্লোবালের মাধ্যমে পাঠানো হয়েছিল সে দেশে। 

 

 

এরপরই আর ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। বিদেশে তৈরি সিসিটিভির ওপর বিশেষত চিন দেশে প্রস্তুত সিসিটিভি বিক্রির ওপর জারি হতে চলেছে নিষেধাজ্ঞা।