আজকাল  ওয়েবডেস্ক: অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়। নিজের লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড  হারবারে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন অভিষেক। ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় জোর চর্চাও হয়। যদিও সেই ডায়মন্ড হারবার মডেল থেকেই বিপত্তি। তৃণমূল ভোটে হারার পর থেকে, সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একের পর এক অভিযোগ সমানে এসেছে। এবার বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রীর মুখে সেবাশ্রয় দুর্নীতি। সরাসরি কড়া হুঁশিয়ারি ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। সাফ জানালেন রেয়াত করা হবে না কাউকেই।  


শুক্রবার সেবাশ্রয় দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভার দৃষ্টি আকর্ষণ করেছিলেন ফলতার বিজেপি বিধায়ক। তার প্রেক্ষিতেই শনিতে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী একাধিক অভিযোগ, ঘটনার বিবরণ দেন, দেখান সেবাশ্রয়ে ক্ষতিগ্রস্তদের ছবিও। মুখ্যমন্ত্রী বলেন, 'একটি শিশুর হাত গেছে। বিকলাঙ্গ করেছে সেবাশ্রয়। এক মহিলা পা হারিয়েছেন।' সঙ্গেই বলেন, 'এই চিটিংবাজ ভাইপো আলট্রাসোনোগ্রাফির মেশিন, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাইরে নিয়ে গিয়েছে, মেডিকেল কলেজের পড়ূয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট চিকিৎসা করতে পারে? একবার ঢুকলে বেরোবে না। এটা খুনের মামলা। কেউ বাঁচাতে পারবে না চিটিংবাজ ভাইপোকে।' নিজের বক্তব্যের অভিষেককে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। অভিযোগের ভিত্তিতে সরকার কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছেন, তাও জানান মুখ্যমন্ত্রী। 

 

সঙ্গেই জানান, সেবাশ্রয় ক্যাম্পের বেশকিছু তথ্য, এক্স-রে মেশিন, তারিখ পেরিয়ে যাওয়া ওষুধ, ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগণা জেলা পুলিশকে নিয়ে, সঙ্গেই মেডিক্যাল এক্সপার্টদের নিয়ে ব্যাপক অভিযান এবং তদন্তের কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা নিশ্চিন্তে থাকুন। পশ্চিমবঙ্গে এই মেডিক্যাল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার শাগরেদরা করেছে, তাঁদের একজনকেও ছাড়া হবে না। সময় কথা বলবে। আমরা প্রস্তুতি নিয়ে, সমস্ত তথ্য জোগাড় করে, ভারতীয় ন্যায় সংগিতা অনুযায়ী কাজ করছি।'