আজকাল ওয়েবডেস্ক: মণিপুরের কামজং জেলায় উত্তেজনার আবহের মধ্যেই বড় সাফল্য পেল অসম রাইফেলস। সংঘর্ষের সময় অপহৃত এক মহিলাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বহু গ্রামবাসীকেও বলে জানিয়েছে ভারতীয় পূর্বাঞ্চল সেনা বিভাগ। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। 

অসম রাইফেলস সূত্রে জানা গিয়েছে, অপহৃত মহিলার নাম ওলিনা নিংশেন। গত ৭ মে নামলি এলাকায় সংঘর্ষ চলাকালীন তাঁকে অপহরণ করা হয়। এরপর থেকেই শুরু হয় ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান। অবশেষে শুক্রবার জেড চোরো (Z choro) গ্রামের দক্ষিণে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মধ্যে তাঁকে নিরাপদে তাঁকে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়। 

মহিলার স্বামী, গ্রামের প্রধান এবং সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে তাঁদের গ্রামে ফিরে যান। অসম রাইফেলস সদর দপ্তরে নিয়ে গিয়ে আনুষ্ঠানিক নথিভুক্তিকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক সহায়তার ব্যবস্থা করা হয়। নিরাপদে ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তির আবহ দেখা যায়। 

অসম রাইফেলস জানিয়েছে, ৭ মে ভোররাতে ভারত-মায়ানমার সীমান্ত সংলগ্ন জেড চোরো ও নামলি এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বাহিনীর একাধিক দল মোতায়েন করা হয়। হিংসায় ক্ষতিগ্রস্ত ১০টি বাড়ি সুরক্ষিত করা হয় এবং বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

অভিযানের সময় মহিলা ও শিশু-সহ মোট ১৫ জন আতঙ্কিত গ্রামবাসীকে উদ্ধার করে অসম রাইফেলস ক্যাম্পে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া হয়। আহত এক মহিলাকে তাৎক্ষণিক চিকিৎসা ও মেডিক্যাল ইভাকুয়েশনের সুবিধাও দেওয়া হয়। 

শুধু উদ্ধার অভিযানই নয়, এলাকায় লাগাতার তল্লাশি চালিয়ে চুরাচাঁদপুর থেকে লাল থাগ জন নামে ৩৮ বছর বয়সি এক সশস্ত্র জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। পরে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বর্তমানে কামজং জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি ও টহল চালাচ্ছে অসম রাইফেলস। বাহিনীর দাবি, উত্তর-পূর্ব ভারতে শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।