আজকাল ওয়েবডেস্ক : যদি আপনি পুরনো নোট বা কয়েন যোগাড় করতে ভালবাসেন তাহলে কপাল খুলে গেল আপনার। পুরনো নোট এবং কয়েনের চাহিদা বাড়ছে। অনলাইন নিলামে সেগুলির দাম হচ্ছে লাখ টাকার বেশি। এই তালিকায় এগিয়ে রয়েছে ১ এবং ২ টাকা নোট। অনলাইনে এই ১ টাকার নোট নিলাম হচ্ছে প্রায় ৭ লক্ষ টাকায়।

 

আপনার মনে হতে পারে কীভাবে ১ টাকার নোটের দাম এত বেশি হয়েছে। উত্তর রয়েছে এর ঐতিহাসিক গুরুত্বের দিকে। ভারত সরকার ১ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে ২৯ বছর আগে। তবে এই নোটগুলিকে ফের ২০১৫ সালে ফের ফিরিয়ে নিয়ে এসেছে মোদি সরকার। এর জেরেই এই নোটগুলির চাহিদা এতটা বেশি। এইরকম স্বাধীনতার আগের ছাপা নোটগুলির চাহিদাও বর্তমানে তুঙ্গে উঠেছে।

 

ব্রিটিশ শাসনকালে তৎকালীন গভর্নর জে ডাব্লু কেলি প্রথম এই এক টাকার নোট ছাপিয়েছিলেন। সালটা ছিল ১৯৩৫। এটি প্রায় ৮০ বছর আগের একটি নোট। যদি এই নোটটি আপনার কাছে থাকে তাহলে ঐতিহাসিক দিক থেকে এর বর্তমান দাম ৭ লক্ষ টাকা। অনলাইনে এই পুরনো নোটগুলি তাই এত বেশি দামে বিকোচ্ছে। তবে এটা মনে রাখা দরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরণের অনলাইন নোট এবং কয়েন কেনা বা বিক্রি কখনই অনুমোদন করে না।