আজকাল ওয়েবডেস্ক: তীব্র দহনে পুড়ছে দেশ। হাঁসফাঁস গরমে ওষ্ঠাগত প্রাণ। তার মধ্যেও কাজ থেমে থাকছে না। রুটিরুজির প্রয়োজনে গরম উপেক্ষা করেই বেরোতে হচ্ছে কাজে। রাস্তাই যাঁদের কর্মস্থল, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কষ্টসাধ্য। এ বার তাঁদের কাছেই স্বয়ং 'দেবদূত'-এর ভূমিকায় এক বাইকচালক। দুপুরের কাঠফাঁটা গরমে রাস্তায় কর্মরতদের হাতে তুলে দিলেন আইসক্রিম। আর তাতেই প্রশান্তির হাসি দেখা গেল সকলের মুখে। সম্প্রতি সমাজমাধ্যমে 'ভাইরাল' ভিডিও দেখে আবেগপ্রবণ নেটনাগরিকেরা।

 

সমাজমাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন বেঙ্গালুরু নিবাসী লক্ষ্মণ গোস্বামী। পোস্ট করে লিখেছেন, 'গরম যতই বাড়ুক, মানুষের প্রতি দয়ালু হতে ভুল্বেন না।' প্রকাশিত ভিডিয়ওতে দেখা যাচ্ছে, তিনি ভরদুপুরে নিজের বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। তাপমাত্রার পারদ তখন ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তার মধ্যেই বিভিন্ন জায়গায় শ্রমিক, ছোট দোকানদার থেকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা কাজে ব্যস্ত। নিজের বাইক নিয়ে তাঁদের কাছেই পৌঁছে গেলেন লক্ষ্মণ। হাতে তুলে দিলেন আইসক্রিম স্টিক বা কুলফি। হঠাৎ এমন ঘটনায় প্রথমে চমকে গেলেন প্রত্যেকেই। তার পর একগাল হেসে গ্রহণ করলেন লক্ষ্মণের 'উপহার'।তাপদাহের মধ্যেই যেন বয়ে গেল প্রশান্তির এক ঠাণ্ডা বাতাস। তাই অপরিচিত লক্ষ্মণকে ধন্যবাদ জানাতেও ভুললেন না তাঁরা।

 

ভিডিওটি ইতিমধ্যেই নেটপাড়ায় সাড়া ফেলেছে। আবেগে ভাসছেন সকলেই। ইনস্টাগ্রামে তাঁর এই আচরণ সকলের মেনে কেড়েছে। মানুষের প্রতি সামান্য সহানুভূতি বদলে দিতে পারে সমাজ। নেটমাধ্যমে লক্ষ্মণের প্রশংসা করে একজন লেখেন, "মনুষ্যত্বের বিকল্প হয় না।" অন্য আর এক নেট নাগরিকের বক্তব্য, "ভদ্রলোককে সম্মান জানাই। তীব্র দাবদাহের মধ্যেও সহনাগরিকদের নিয়ে এমন ভাবনা বিরল।" আর একজনের কথায়, "মানুষ একটু সহানুভূতি বা সমানুভুতিরই প্রত্যাশা করে। একে অন্যের প্রতি সামান্য দয়াপরবশ হলেই বদলে যায় মানুষের জীবন।"

 

সাধারণত, সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের নিয়ে কেউ ভাবিত নয়। সে কথাই স্মরণ করিয়ে দিয়ে আরও একজন নেটনাগরিক লেখেন, "ঝড়-জল-গরমের মধ্যেই যাঁরা দিনরাত কাজ করে চলেছেন। তাঁদের প্রতি দয়াশীল লক্ষ্মণকে সকলে আজীবন মনে রাখবেন।"