আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে শনিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতির একটি পিকআপ ভ্যান সাফাইকর্মীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন সাফাইকর্মী। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মহিলা এবং একজন পুরুষ। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মোট ১১ জন সাফাইকর্মী এক্সপ্রেসওয়েতে নিয়মিত পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তাদের ওপরে উঠে যায়। ধাক্কার জের এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ সূত্রে খবর, নিহতরা সকলেই হরিয়ানার নুহ জেলার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সড়ক নিরাপত্তা এবং সাফাইকর্মীদের জন্য বাড়তি সুরক্ষার দাবিতে সরব হয়েছেন অনেকে।