আজকাল ওয়েবডেস্ক: ফের ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। দিওয়ালির আগেই। এবার ৩ শতাংশ বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে মোদি সরকার। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। যার ফলে ৫০ শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াল ৫৩ শতাংশ। আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে নয়া হারের এই ডিএ।
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, প্রতি বছর দু’বার করে বাড়ে মহার্ঘ ভাতা। একটি কার্যকর হয় ১ জানুয়ারি আর দ্বিতীয়টি ১ জুলাই। শেষবার গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। যার ফলে একধাক্কায় ডিএ বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশ। এর পর ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ৫৩ শতাংশে পৌঁছে গেল কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা। পাশাপাশি গত কয়েক মাসের ‘এরিয়ার’ বা বকেয়াও পাবেন তাঁরা।
ডিএ বৃদ্ধির জেরে কোনও সরকারি কর্মীর বেসিক পে (মূল বেতন) যদি হয় ১৮ হাজার টাকা হয়। সেক্ষেত্রে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে প্রতিমাসে ৫৪০ টাকা করে বেশি পাবেন সরকারি কর্মীরা। বছরে যার পরিমাণ দাঁড়াবে ৬৪৮০ টাকা। একইভাবে বেতন ২৫ হাজার টাকা হলে মাসে ৭৫০ টাকা করে বছরে ৯০০০ টাকা করে বাড়তি মিলবে।
