সরকারি চাকরি ও পারিবারিক সম্পত্তির লোভে নিজের মাকেই খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে! রাজস্থানের জয়পুরে এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত তরুণীর নাম আয়ুশি শর্মা। বয়স ২৩ বছর। এই ঘটনায় মূল অভিযুক্ত আয়ুশি সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, বছরখানেক আগে আয়ুশির বাবা বিজয় শর্মা মারা যান। সেই সময় সরকারি নিয়ম অনুযায়ী ‘কমপ্যাশনেট গ্রাউন্ড’ বা বিশেষ কোটায় বিচার বিভাগে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) হিসেবে চাকরি পান আয়ুশির মা নীরাজ শর্মা। পুলিশ জানিয়েছে, মা চাকরি পাওয়ায় বেজায় চটেছিল আয়ুশি। তার দাবি ছিল, ওই চাকরির হকদার সে নিজে। এর পাশাপাশি পরিবারের সমস্ত সম্পত্তির উপরেও নজর ছিল তার।
অভিযোগ, নিজের কাকা মোহন স্বরূপ এবং খুড়তুতো ভাই বলরামের (ওরফে রবি) সঙ্গে হাত মিলিয়ে মাকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ছক কষে আয়ুশি। প্রায় ৭ লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনিদের নিয়োগ করা হয়। গত ৩ জুলাই মাঝরাস্তায় ঘটে বিপত্তি। অভিযোগ, আগে থেকে পরিকল্পনা করে আততায়ীরা একটি দ্রুতগামী স্করপিও দিয়ে নীরাজ দেবীর স্কুটারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুরো ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে সাজানোর আপ্রাণ চেষ্টা করেছিল অভিযুক্তরা। কিন্তু মৃতার ভাইয়ের সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অভিযুক্তদের গতিবিধি ট্র্যাক করতে শুরু করে। এরপরই সামনে আসে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের আসল চেহারা।
পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ধৃতরা। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং নেপথ্যে অন্য কোনও বড় চক্র আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে,এক অভিযুক্ত এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি জারি রেখেছে রাজস্থান পুলিশ।















