দ্বিগুণ হতে চলেছে মুসলিম জনসংখ্যা! হিন্দু-খ্রিস্টানদের সামনে আসছে কোন বড় বিপদ?

২৩ নভেম্বর ২০২৬ ১৩ : ৪৪
- 1
- 15
আগামী পাঁচ দশকে ইউরোপের ধর্মীয় জনবিন্যাসে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। গত ১৮ নভেম্বর প্রকাশিত 'দ্য ফিউচার অফ রিলিজিয়ন ইন ইউরোপ, ২০২০-২০৭০' শীর্ষক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০৭০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যায় মুসলিমদের অনুপাত দ্বিগুণেরও বেশি বেড়ে ৬ শতাংশ থেকে ১৩ শতাংশে পৌঁছাবে।
- 2
- 15
তবে মহাদেশটির প্রধান ধর্ম খ্রিস্টধর্মের জন্য ইসলামের এই প্রসার নয়, বরং নিজেদের ধর্ম ত্যাগ করে 'ধর্মহীন' হয়ে পড়ার প্রবণতা, বার্ধক্য এবং কম জন্মহারই সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়াবে। আগামী ৫০ বছরে বর্তমান জনতাত্ত্বিক ধারা অব্যাহত থাকলে বিশ্বের ধর্মীয় জনসংখ্যায় কেমন পরিবর্তন আসতে পারে, সেই বৃহত্তর গবেষণার অংশ হিসেবে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
- 3
- 15
পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ইউরোপের মোট জনসংখ্যার ৬৭ শতাংশ ছিলেন খ্রিস্টান, যা ২০৭০ সালে কমে মাত্র ৫২ শতাংশে নেমে আসতে পারে। অন্যদিকে, নাস্তিক, অজ্ঞেয়বাদী বা কোনও ধর্মেই বিশ্বাসী নন—এমন মানুষের সংখ্যা ২৫ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশে পৌঁছাবে। তবে ভারতে সংখ্যাগুরুই থাকবে হিন্দু জনসংখ্যা।
- 4
- 15
অর্থাৎ, মুসলিম জনসংখ্যা বাড়লেও ইউরোপে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হিসেবে অবস্থান ধরে রাখবেন ধর্মহীন মানুষরাই, আর তৃতীয় স্থানে থাকবে ইসলাম। পাশাপাশি প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে, ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে চলেছে।
- 5
- 15
এই পরিসংখ্যান সামনে আসার পর ইউরোপে খ্রিস্টধর্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খ্রিস্টান ধর্মীয় নেতা ও বিভিন্ন সংগঠন। খ্রিস্টান অধিকার রক্ষাকারী সংস্থা 'ওআইডিএসি ইউরোপ' (OIDAC Europe) খ্রিস্টান-বিরোধী হামলার বিরুদ্ধে কঠোর সুরক্ষার দাবি জানিয়েছে।
- 6
- 15
ডাচ এমইপি বার্ট-জান রুইসেন ধর্মীয় বৈষম্য নিয়ে সরব হয়েছেন এবং ইউরোপীয় সেন্টার ফর ল অ্যান্ড জাস্টিস (ECLJ) খ্রিস্টান-বিদ্বেষ মোকাবিলায় ইইউ সমন্বয়কারী নিয়োগের দাবি তুলেছে। অন্যদিকে, হোয়াইট হাউসের প্রাক্তন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট খ্রিস্টানদের বিয়ে করার, বেশি সন্তান নেওয়ার এবং সন্তানদের গির্জার আদর্শে বড় করার আহ্বান জানিয়েছেন।
- 7
- 15
নিপীড়িত খ্রিস্টানদের প্রতি সংহতি জানিয়ে গত ১৮ নভেম্বর রোমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ও বেশ কয়েকটি দূতাবাস লাল আলোয় আলোকিত করা হয়। উল্লেখ্য, ওআইডিএসি-র তথ্যমতে, ২০২৫ সালে ইউরোপজুড়ে ২,৪৬৫টি খ্রিস্টান-বিরোধী বিদ্বেষমূলক অপরাধ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৪০০টি ছিল সরাসরি শারীরিক হামলা ও হুমকির ঘটনা।
- 8
- 15
ইউরোপে খ্রিস্টধর্ম মূলত তিনটি প্রধান শাখায় বিভক্ত—ইতালি, স্পেন ও পোল্যান্ডে রোমান ক্যাথলিক; উত্তর ইউরোপে প্রোটেস্ট্যান্ট এবং রাশিয়া, গ্রিস ও রোমানিয়ায় ইস্টার্ন অর্থোডক্স। পিউ-এর প্রাক্কলন অনুযায়ী, ২০২০ সালে ইউরোপে মুসলিম জনসংখ্যা ছিল ৪ কোটি ৬০ লক্ষ, যা ২০৭০ সালে বেড়ে ৮ কোটিতে পৌঁছাবে।
- 9
- 15
অভিবাসন, অপেক্ষাকৃত তরুণ জনগোষ্ঠী এবং উচ্চ জন্মহারই এই বৃদ্ধির প্রধান কারণ। দেশভিত্তিক হিসেবে ফ্রান্সে মুসলিম জনসংখ্যার হার ৯ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ এবং জার্মানিতে ৭ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হতে পারে। ইউরোপের অন্তত ২১টি দেশে মুসলিম জনসংখ্যার হার ৫ শতাংশের বেশি বাড়বে বলে জানানো হয়েছে। তবে অভিবাসন পুরোপুরি বন্ধ থাকলে ২০৭০ সালে ইউরোপে মুসলিমদের হার ১৩ শতাংশের বদলে ৯ শতাংশ হতো।
- 10
- 15
বিপরীতে, ইউরোপে খ্রিস্টান জনসংখ্যা ৫০ কোটি ৫০ লক্ষ থেকে কমে ৩২ কোটি ৪০ লক্ষে নেমে এলেও, সংখ্যাগরিষ্ঠতার বিচারে তারাই বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে টিকে থাকবে। একই সময়ে ইউরোপের সামগ্রিক জনসংখ্যাও ১৭ শতাংশ কমে ৭৫ কোটি ৩০ লক্ষ থেকে ৬২ কোটি ৮০ লক্ষে দাঁড়াবে। বিশ্বের প্রধান অঞ্চলগুলোর মধ্যে একমাত্র ইউরোপেই জনসংখ্যা হ্রাসের এমন চিত্র দেখা যাবে।
- 11
- 15
গবেষণায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হলো, মানুষের ধর্ম ত্যাগ করার প্রবণতা। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ খ্রিস্টধর্ম ত্যাগ করবেন, যাদের অধিকাংশই কোনও ধর্মে বিশ্বাসী নন বলে পরিচয় দেবেন। তবে ধর্ম পরিবর্তনের চেয়েও বড় প্রভাব ফেলবে বার্ধক্য এবং কম জন্মহার।
- 12
- 15
ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যে জন্মের চেয়ে মৃত্যুর হার বেশি হওয়ায় প্রাকৃতিকভাবেই তাদের জনসংখ্যা প্রায় ১৬ কোটি কমে যাবে। ২০২০-২৫ সময়কালে ইউরোপে মুসলিম মহিলাদের গড় সন্তান সংখ্যা ১.৯ এবং খ্রিস্টান মহিলাদের ১.৪ ছিল, যা সব ধর্মের ক্ষেত্রেই জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় হারের চেয়ে কম।
- 13
- 15
গবেষকদের মতে, ২০২০ সালের পর ধর্ম পরিবর্তন পুরোপুরি বন্ধ হয়ে গেলেও শুধু জন্ম-মৃত্যুর ব্যবধানের কারণেই ২০৭০ সালে খ্রিস্টানদের হার ৬০ শতাংশে নেমে আসত। অর্থাৎ, খ্রিস্টধর্মের এই সংকোচনের পেছনে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণের চেয়ে জনতাত্ত্বিক পরিবর্তন ও ধর্মহীনতাই মূল ভূমিকা রাখছে।
- 14
- 15
পশ্চিম ইউরোপে এই পরিবর্তন সবচেয়ে প্রকটভাবে দেখা যাবে। ২০৭০ সাল নাগাদ ব্রিটেনে ধর্মহীন মানুষের সংখ্যা ৫২ শতাংশে পৌঁছাবে এবং খ্রিস্টানদের হার নেমে আসবে ২৫ শতাংশে। ফ্রান্সেও ৫৩ শতাংশ মানুষ ধর্মহীন এবং মাত্র ২৫ শতাংশ খ্রিস্টান থাকবেন। স্পেনে খ্রিস্টানদের হার ৬৯ শতাংশ থেকে কমে ৪১ শতাংশে দাঁড়াবে। জার্মানি ও সুইডেনও তাদের খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে। তবে মলদোভা, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মতো দেশগুলোতে তখনও অন্তত ৯০ শতাংশ মানুষ খ্রিস্টান থাকবেন।
- 15
- 15

















