ঐতিহ্যবাহী ফ্রেঞ্চ টোস্ট তাও আবার ডিম ছাড়া! জানুন মাত্র কয়েক মিনিটের এই সহজ রেসিপি তৈরির পদ্ধতি
নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর ২০২৬ ১২ : ৪৩
শেয়ার করুন
1
9
প্রতিদিনের জলখাবারে একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না কারও। তাছাড়া বাড়িতে অতিথি আসলেও তাড়াহুড়োর মধ্যে থাকেন সবাই। এই কারণেই খুব কম সময়ে বানানো যেতে পারে এমন সুস্বাদু রেসিপি খোঁজেন সকলেই। সাধারণত ফ্রেঞ্চ টোস্ট মানেই ডিম দিয়ে তৈরি হয়।
2
9
কিন্তু অনেকেই রয়েছেন যারা নিরামিষভোজী। তাই তাঁদের জন্য ডিম ছাড়া এই ফ্রেঞ্চ টোস্টটি দারুণ বিকল্প হতে পারে। প্রোটিনসমৃদ্ধ এই ফ্রেঞ্চ টোস্টটি বানাতেও লাগে মাত্র কয়েক মিনিট। তাহলে জেনে নিন ডিম ছাড়া ফ্রেঞ্চ টোস্ট বানানোর সহজ পদ্ধতি।
3
9
উপকরণ: ডিম ছাড়া এই ফ্রেঞ্চ টোস্ট বানাতে লাগবে ৪-৫টি স্লাইস পাউরুটি। ডিমের পরিবর্তে কী লাগবে? কাস্টার্ড পাউডার: ডিমের পরিবর্তে কাস্টার্ড পাউডার ব্যবহার করা যেতে পারে। ভ্যানিলা কাস্টার্ড পাউডার এবং চিনি দুধে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেওয়া যেতে পারে। এতে টোস্টের রঙ, গন্ধ এবং ঘনত্ব বাড়ে।
4
9
ময়দা বা কর্নস্টার্চ : দুধের মধ্যে সামান্য ময়দা বা কর্নস্টার্চ এবং দারুচিনি গুঁড়ো মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলে পাউরুটিতে ভালো কোটিং দেওয়া যায়।
5
9
পাকা কলা: দুধের মধ্যে কলা চটকে একটি ঘন মিশ্রণ তৈরি করে নেওয়া যেতে পারে। এটি চিনি ছাড়াই পাউরুটিকে মিষ্টি করে তুলবে।
6
9
বেসন ও ওটস: নোনতা স্বাদের উচ্চ প্রোটিন যুক্ত ফ্রেঞ্চ টোস্ট করতে চাইলে দুধে বেসন বা ওটস পাউডার মিশিয়ে পাউরুটি সেঁকে নেওয়া যেতে পারে।
7
9
ডিম ছাড়া ফ্রেঞ্চ টোস্ট তৈরির পদ্ধতি: একটি বাটিতে এক কাপ দুধ নিয়ে তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার, ২ টেবিল চামচ গুঁড়ো চিনি এবং এক চিমটি দারুচিনির গুঁড়ো যোগ করুন। সবকিছু খুব ভালভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনও কিছুর দলা না থাকে।
8
9
এবার পাউরুটির টুকরোগুলি হালকা করে এই ব্যাটারের মধ্যে দু'পাশেই ডুবিয়ে নিন (খুব অল্প সময়ের জন্য ব্যাটারে পাউরুটি ডুবিয়ে রাখতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে)।
9
9
এবার একটি প্যানে মাখন গরম করে মাঝারি আঁচে পাউরুটি সেঁকে নিতে হবে। পাউরুটির রঙ সোনালি হলে এবং ক্রিস্পি হতে শুরু করলে পাউরুটি নামিয়ে নিয়ে তার উপরে মধু লাগিয়ে, কাটা ফল দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।