বলিউডে ‘নেপোটিজম’ বিতর্কে বারবার ট্রোলের নিশানায় থেকেছেন করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে ব্যাপক সমালোচনা, ঠাট্টা, মিম- এসব তাঁর অচেনা নয়। তবে এবার সেই অনলাইন বিতর্ক গড়াল সরাসরি আদালতে।
2
7
ইউটিউবার ক্যারিমিনাটি, অর্থাৎ অজেয় নাগর, সম্প্রতি নিজের চ্যানেলে আপলোড করেন একটি রোস্ট ভিডিও। শিরোনাম, ‘কফি উইথ জলান’। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর ব্যঙ্গাত্মক অনুকরণে তৈরি সেই ভিডিওতেই নাকি ছিল আপত্তিকর মন্তব্য ও কুরুচিকর ভাষা, এমনটাই অভিযোগ করণের।
3
7
সোমবার, ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ের একটি আদালত ক্যারিমিনাটি ও তাঁর টিমকে করণ জোহরের বিরুদ্ধে কোনও মানহানিকর বা আপত্তিকর কনটেন্ট পোস্ট বা প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। একই সঙ্গে মেটা প্ল্যাটফর্মস-সহ সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকেও নির্দেশ দেওয়া হয়, এ ধরনের ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এবং ফের যাতে আপলোড না করা যায়, সেটিও নজরে রাখতে হবে।
4
7
মামলার শুনানিতে বিচারপতি পাণ্ডুরঙ্গ ভোসলে মন্তব্য করেন, “প্রথম দর্শনে মনে হচ্ছে, অজেয় নাগর এবং তাঁর ম্যানেজার দীপক চার বাদীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রেখেছেন এবং অশালীন ভাষা ব্যবহার করেছেন।” আদালতের নির্দেশ, ভিডিওগুলি দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট ছড়ানো চলবে না।
5
7
নিজের আবেদনে করণ দাবি করেন, ভিডিওটি অত্যন্ত কুরুচিকর এবং সরাসরি তাঁর নাম আক্রমণ করে তৈরি। যদিও ভিডিওটি পরে মুছে ফেলা হয়েছে, তার আগে লক্ষাধিক মানুষ তা দেখে ফেলেন। এমনকি অনেকে মূল ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ ও রিল বানিয়ে ছড়িয়ে দিতে শুরু করেন, যা তাঁর সুনামের ক্ষতি করেছে বলেও জানান প্রযোজক।
6
7
অন্যদিকে ক্যারিমিনাটির আইনি টিমের বক্তব্য, মূল ভিডিও ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। করণের মামলা দায়ের ‘তড়িঘড়ি’ করে করা হয়েছে, ইউটিউবারকে নিজের অবস্থান স্পষ্ট করার সুযোগ না দিয়েই, এমনই দাবি তাঁদের।
7
7
তবে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট বার্তা দিয়েছে, করণ জোহরকে নিয়ে আর কোনও মানহানিকর কনটেন্ট পোস্ট, আপলোড বা শেয়ার করা যাবে না। সংশ্লিষ্ট সমস্ত ইউআরএল সরাতে হবে এবং নতুন করে আপলোড ঠেকাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কড়া নজর রাখতে হবে।