ভারতে ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিল একটি বিশেষ ইনজেকশন। ফার্মাসিউটিক্যাল সংস্থা রোশ ফার্মা ইন্ডিয়া বাজারে এনেছে ‘টেসেন্ট্রিক’ নামে একটি নতুন ক্যানসার চিকিৎসা। এই ইনজেকশন দিতে সময় লাগে মাত্র ৭ মিনিট। আগে যে চিকিৎসা নিতে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে বসে থাকতে হত, এখন তা অনেক কম সময়ে সম্ভব হবে।
2
8
এই চিকিৎসা মূলত ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন নন-স্মল সেল লাং ক্যানসারের রোগীদের জন্য। ভারতে ফুসফুসের ক্যানসারের মধ্যে এই ধরনের রোগ সবচেয়ে বেশি দেখা যায়।চিকিৎসকদের মতে, নতুন এই পদ্ধতি রোগীদের জন্য অনেক বেশি আরামদায়ক ও সুবিধাজনক।
3
8
আগে এই ওষুধ শিরার মাধ্যমে স্যালাইনের সাহায্যে দেওয়া হত। সেই প্রক্রিয়াকে বলা হয় আইভি ইনফিউশন। এতে অনেক সময় লাগত। অনেক রোগীকেই ২-৩ ঘণ্টা পর্যন্ত হাসপাতালে থাকতে হত। কিন্তু নতুন পদ্ধতিতে ওষুধটি ত্বকের নীচে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে। ফলে মাত্র কয়েক মিনিটেই চিকিৎসা সম্পূর্ণ হয়ে যাবে।
4
8
বিশেষজ্ঞরা বলছেন, এতে রোগীদের শারীরিক কষ্ট যেমন কমবে, তেমনই মানসিক চাপও কম হবে। দীর্ঘক্ষণ হাসপাতালে বসে থাকার দরকার হবে না। যাঁরা দূর থেকে চিকিৎসা করাতে আসেন, তাঁদের ক্ষেত্রেও এটি অনেক সুবিধা এনে দেবে।
5
8
হাসপাতালের ভিড়ও কিছুটা কমানো সম্ভব হবে। এই ইনজেকশন আসলে ইমিউনোথেরাপির অংশ। অর্থাৎ এটি শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বর্তমানে বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপির ব্যবহার দ্রুত বাড়ছে। কারণ অনেক ক্ষেত্রেই এটি ভাল ফল দিচ্ছে।
6
8
এই চিকিৎসার খরচ যথেষ্ট বেশি। প্রতি ডোজের দাম প্রায় ৩.৭ লক্ষ টাকা। তাই সাধারণ মানুষের পক্ষে এই চিকিৎসা নেওয়া কঠিন হতে পারে। যদিও চিকিৎসকদের একাংশ মনে করছেন, ভবিষ্যতে এই ধরনের উন্নত চিকিৎসা আরও সহজলভ্য হওয়ার সম্ভব হয়েছে।।
7
8
চিকিৎসকদের মতে, ফুসফুসের ক্যানসারকে অবহেলা করা উচিত নয়। দীর্ঘদিন কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কাশির সঙ্গে রক্ত পড়া বা হঠাৎ ওজন কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে, চিকিৎসার সাফল্যের সম্ভাবনাও তত বেশি থাকবে।
8
8
নতুন এই ৭ মিনিটের ইনজেকশন ভারতে ক্যানসার চিকিৎসাকে আরও আধুনিক করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।