শ্বশুরবাড়িতে আসলেই তাঁর জন্য হত এই রান্না, অমিতাভ বচ্চনের প্রিয় বাঙালি খাবার কী? জানুন রেসিপি
নিজস্ব সংবাদদাতা
৯ আগস্ট ২০২৬ ১৩ : ৫৫
শেয়ার করুন
1
10
অমিতাভ বচ্চন বিয়ে করেছেন বাঙালি মেয়ে জয়াকে। বিয়ের আগে জয়ার পদবী ছিল ভাদুড়ি। বাঙালি শ্বশুরবাড়িতে এসে কী খেতে ভালবাসতেন অমিতাভ? 'বিগ বি'র প্রিয় বাঙালি খাবার হল হিং-এর কচুরি।
2
10
কলকাতায় শুটিং করতে এসে অনেকবার এই হিং-এর কচুরি খেয়েছেন তিনি। 'পিকু' ছবির শুটিংয়ের সময় কলকাতার মোহন ভাণ্ডার থেকে কচুরি খেয়েছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে সেই দোকানের হিং-এর কচুরির প্রশংসা করেছেন তিনি। বাড়িতেই কীভাবে একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো হিং-এর কচুরি তৈরি করবেন? জেনে নিন রেসিপি।
3
10
ময়দার ডো তৈরির জন্য লাগবে ময়দা: ২ কাপ, তেল বা ঘি: ২ টেবিল চামচ, নুন: স্বাদমতো, ঈষদুষ্ণ জল: ময়দা মাখার জন্য প্রয়োজনমতো।
4
10
হিংয়ের পুর তৈরির জন্য লাগবে বিউলির ডাল/ মটর ডাল): ১/২ কাপ (৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখা), হিং: ১ চা চামচ, মৌরি গুঁড়ো: ১ চা চামচ, জিরে গুঁড়ো: ১ চা চামচ, ধনে গুঁড়ো: ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি: স্বাদমতো, আদা বাটা: ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ, নুন ও মিষ্টি: স্বাদমতো, ভাজার জন্য
ভাজার জন্য তেল: পরিমাণমতো
5
10
প্রথমেই একটি বড় পাত্রে ময়দা, নুন ও তেল বা ঘি ভাল করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প ঈষদুষ্ণ জল দিয়ে লুচির ময়দার মতো নরম করে ময়দা মেখে নিন। মাখা ময়দার গায়ে একটু তেল মাখিয়ে ভেজা কাপড় বা ঢাকা দিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন।
6
10
ভিজিয়ে রাখা ডাল জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে বা সিলে একটু দানা দানা করে (খুব মিহি নয়) বেটে নিন।তারপর কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে হিং ফোড়ন দিন। এবার আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি এবং একে একে মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন।
7
10
মশলা থেকে তেল ছাড়লে বেটে রাখা ডাল দিয়ে দিন এবং মাঝারি আঁচে ভাল করে নাড়তে থাকুন। ডালের মধ্যে স্বাদমতো নুন ও সামান্য মিষ্টি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ডাল একদম ঝুরঝুরে ও শুকনো হয়ে কড়াই ছেড়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।
8
10
ময়দার লেচি থেকে ছোট ছোট লেচি কেটে নিন। একই মাপে ডালের পুরের ছোট ছোট বল তৈরি করে নিন।একটি ময়দার লেচি আঙুলের সাহায্যে বাটি মতো তৈরি করে তার মধ্যে ডালের পুরের বলটি ভরে মুখটা ভাল করে বন্ধ করে দিন।
9
10
এবার হালকা হাতে তেল বা সামান্য শুকনো ময়দা লাগিয়ে লুচির আকারে বেলে নিন (খেয়াল রাখবেন পুর যেন বেরিয়ে না যায়)। কড়াইতে ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোমতো গরম হলে একে একে কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিন।
10
10
খুন্তি দিয়ে হালকা করে চেপে ধরলে কচুরিগুলো সুন্দর ফুলকো হয়ে উঠবে। এপিঠ-ওপিঠ সোনালী ও মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নিন। ব্যাস, গরম গরম ছোলার ডাল বা আলুর দমের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের হিংয়ের কচুরি!