গন্ধরাজ লেবুর সঙ্গে পনিরের মেলবন্ধন, কেমন হবে বলুন তো? বাড়িতেই তৈরি করুন একদম ভিন্ন স্বাদের গন্ধরাজ পনিরের এই রেসিপি। সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন? জেনে নিন চটপট।
2
10
এই রেসিপিটার জন্য লাগবে পনির: ২৫০ গ্রাম (ছোট টুকরো করে কাটা), গন্ধরাজ লেবু: ১টি (লেবুর খোসার সবুজ অংশ গ্রেট করা ১ চা চামচ এবং ২ চামচ লেবুর রস), টক দই: আধ কাপ (ভাল করে ফেটানো), আদা-কাঁচা লঙ্কা বাটা: ১ টেবিল চামচ, কাজুবাদাম ও চারমগজ বাটা: ২ টেবিল চামচ (পেস্ট করে নেওয়া)।
3
10
এবারের ফোড়নের জন্য লাগবে ১টা তেজপাতা, ১টা শুকনো লঙ্কা, সামান্য আস্ত জিরে এবং সামান্য গরম মশলা গোটা (এলাচ, দারুচিনি, লবঙ্গ)।
4
10
আর লাগবে, জিরে গুঁড়ো আধ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আধ চা চামচ, সাদা তেল বা ঘি: ৩-৪ টেবিল চামচ, নুন ও চিনি: স্বাদমতো, কাঁচা লঙ্কা: ২-৩টে চেরা।
5
10
প্রথমেই পনিরের টুকরোগুলোকে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে হালকা ভেজে তুলে নিতে পারেন। তবে নরম রাখতে চাইলে না ভেজে সরাসরি গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে পারেন।
6
10
এবার একটা পাত্রে ফেটানো টক দই, আদা-কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, কাজু-চারমগজ বাটা এবং স্বাদমতো নুন ও চিনি দিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণে পনিরের টুকরোগুলো হালকা হাতে মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
7
10
তারপর কড়াইতে তেল বা ঘি গরম করুন। তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গরম মশলা ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে ম্যারিনেট করা পনিরের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন।
8
10
মাঝারি আঁচে মশলা ও পনির একসঙ্গে ভাল করে কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো উষ্ণ গরম জল দিন (গ্রেভি আপনার পছন্দমতো ঘন বা পাতলা করতে পারেন)।
9
10
এবার ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে ২-৩ মিনিট ফুটতে দিন। এরপর গ্যাস বন্ধ করে দিন। এবার ওপর থেকে গন্ধরাজ লেবুর গ্রেট করা খোসার জেস্ট (Green zest) এবং লেবুর রস ছড়িয়ে দিন (মনে রাখবেন, লেবুর খোসার সাদা অংশ যেন না পড়ে, তাহলে তেতো হয়ে যেতে পারে)।
10
10
রান্নার শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কড়াই ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। ব্যস, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি গন্ধরাজ পনির! এটা গরম গরম ভাত, পোলাও বা ফ্রায়েড রাইস কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করলে দারুন জমে উঠবে।