দেশজুড়ে ডিমের বাজারে বড়সড় পতন। গত ৮-১০ দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ডিমের দাম কমেছে প্রায় ১০ থেকে ২০ শতাংশ।
2
13
তামিলনাড়ুতে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে ব্যাহত হয়েছে ডিম রপ্তানি। ফলে বিদেশের বাজারে পাঠানোর জন্য মজুত থাকা বিপুল পরিমাণ ডিম এখন দেশের অভ্যন্তরীণ বাজারে চলে আসছে।
3
13
অন্যদিকে, মরসুমি চাহিদা কম থাকায় তৈরি হয়েছে অতিরিক্ত জোগান। সব মিলিয়ে ডিমের দাম নিম্নমুখী।
4
13
দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর নামাক্কাল দেশের অন্যতম প্রধান পোলট্রি কেন্দ্র। ভারতের মোট ডিম রপ্তানির ৯০ শতাংশেরও বেশি আসে এই অঞ্চল থেকে।
5
13
গত ১১ নভেম্বর সেখানে প্রতি পিস ডিমের দাম বেড়ে হয়েছিল ৬.৭০ টাকা। কিন্তু ১৩ নভেম্বর তামিলনাড়ুর কাড্ডালোরে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পরই দাম কমতে শুরু করে।
6
13
বর্তমানে তা নেমে এসেছে ৫.৬০ টাকায়। অর্থাৎ, দাম কমেছে প্রায় ১৯ শতাংশ। দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে ডিমের দাম ১৫ শতাংশেরও বেশি কমেছে। পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্রে অবশ্য দাম কমেছে তুলনামূলক কম, প্রায় ৬-১০ শতাংশ।
7
13
এদিকে, তামিলনাড়ুর কাড্ডালোরে H5N1 সংক্রমণের জেরে প্রায় এক লক্ষ মুরগির মৃত্যু হয়েছে অথবা সংক্রমণ ঠেকাতে সেগুলিকে মেরে ফেলা হয়েছে। ১৩ নভেম্বর পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়।
8
13
পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলও সেখানে পৌঁছেছে। সংক্রমিত খামারের এক কিলোমিটারের মধ্যে মুরগি নিধন, মৃত পাখির দেহ মাটিতে পুঁতে ফেলা এবং জীবাণুমুক্ত করার কাজ চলছে।
9
13
আক্রান্ত এলাকায় তিন মাসের জন্য মুরগি পালন ও নতুন করে মুরগি আনার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মানুষের শরীরে সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
10
13
অন্যদিকে, ডিমের দাম কমলেও স্বস্তিতে নেই পোলট্রি ব্যবসায়ীরা। কারণ, মুরগির খাবার তৈরির অন্যতম উপাদান ভুট্টার দাম গত এক বছরে প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
11
13
সয়াবিন মিলের দামও বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ফলে উৎপাদন খরচ ক্রমশ বাড়ছে। মুরগি উৎপাদনে প্রতি কেজিতে খরচ হচ্ছে ১২০ টাকার বেশি, অথচ চাষিরা দাম পাচ্ছেন প্রায় ৮০ টাকা।
12
13
অল ইন্ডিয়া পোলট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে ভুট্টা ও সয়াবিনের মজুতের সীমা নির্ধারণ এবং পোলট্রি শিল্পকে কম দামে প্রায় ৩০ লক্ষ টন ভুট্টা সরবরাহের দাবি জানিয়েছে। তাদের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে মুরগির দাম কেজিতে ৪০-৫০ টাকা এবং ডিমের দাম পিসপ্রতি ৩-৪ টাকা পর্যন্ত বাড়তে পারে।
13
13
ইতিমধ্যেই দেশের ২০-২৫ শতাংশ পোলট্রি খামার বন্ধ হয়ে গিয়েছে অথবা বন্ধ হওয়ার মুখে। ফলে সাময়িকভাবে ডিমের দাম কমলেও আগামী দিনে মুরগি ও ডিমের বাজারে বড়সড় অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।