সিজার, কিডনি স্টোন থেকে পাইলস, আয়ুষ্মান ভারত প্রকল্পে ১১২টি রোগের চিকিৎসা শুধু সরকারি হাসপাতালে? বেসরকারি হাসপাতলের ক্ষেত্রে কী নিয়ম?
নিজস্ব সংবাদদাতা
১৯ নভেম্বর ২০২৬ ১০ : ১৬
শেয়ার করুন
1
12
দেশের কোটি কোটি মানুষ চিকিৎসার খরচ সামলাতে ভরসা করেন আয়ুষ্মান ভারত প্রকল্পের উপর। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কাছে এই প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এবার এই প্রকল্পের চিকিৎসা পরিষেবায় বড়সড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে।
2
12
সিজারিয়ান ডেলিভারি, গর্ভপাত, কিডনিতে পাথর, পাইলস-সহ মোট ১১২টি চিকিৎসা পরিষেবা এবার থেকে শুধুমাত্র সরকারি হাসপাতালেই পাওয়া যেতে পারে। অর্থাৎ, এই চিকিৎসাগুলির ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নাও মিলতে পারে।
3
12
বর্তমানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY প্রকল্পের আওতায় ২৩টি চিকিৎসা প্যাকেজ শুধুমাত্র সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত রয়েছে। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১১২ করার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল হেলথ অথরিটি (NHA)। নতুন প্রস্তাবে আরও ৮৯টি চিকিৎসা পরিষেবা এই তালিকায় যুক্ত হতে পারে।
4
12
এই তালিকায় রয়েছে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, স্ত্রীরোগ, মানসিক স্বাস্থ্য, অর্থোপেডিক্স, চক্ষু চিকিৎসা এবং নাক-কান-গলার মতো একাধিক বিভাগের চিকিৎসা।
5
12
এছাড়াও প্রস্তাবিত তালিকায় রয়েছে সিজারিয়ান ডেলিভারি, বিভিন্ন ধরনের গর্ভপাতের চিকিৎসা বা মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (MTP), জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার এবং জরায়ুর ফাইব্রয়েড অপসারণের মতো পরিষেবা। পাশাপাশি কিডনিতে পাথরের কারণে হওয়া সমস্যা, পাইলস, ফিস্টুলা, সিস্ট অপসারণ এবং বিভিন্ন ধরনের বায়োপসিও রয়েছে তালিকায়।
6
12
ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, গুরুতর রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, ডায়রিয়া, হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস এবং ডায়াবেটিসজনিত কিছু জটিলতার চিকিৎসাও এই প্রস্তাবের অন্তর্ভুক্ত। চোখের ছানি, গ্লুকোমা এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি সংক্রান্ত কিছু পরিষেবাও রয়েছে তালিকায়।
7
12
বেসরকারি হাসপাতালে কি আর চিকিৎসা করানো যাবে না? এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রস্তাবটি কার্যকর হলে সংশ্লিষ্ট ১১২টি চিকিৎসা প্যাকেজের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সরকারি হাসপাতাল থেকেই ক্যাশলেস চিকিৎসা নিতে হবে। তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলি এই নির্দিষ্ট পরিষেবাগুলির জন্য প্রকল্পের আওতায় টাকা দাবি করতে পারবে না। তবে কেউ বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা করাতে চাইলে তাঁকে নিজের পকেট থেকে খরচ বহন করতে হতে পারে।
8
12
তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলি এই নির্দিষ্ট পরিষেবাগুলির জন্য প্রকল্পের আওতায় টাকা দাবি করতে পারবে না। তবে কেউ বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা করাতে চাইলে তাঁকে নিজের পকেট থেকে খরচ বহন করতে হতে পারে।এর অর্থ এই নয় যে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালের সমস্ত চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে। তালিকার বাইরে থাকা অন্যান্য অনুমোদিত চিকিৎসা আগের নিয়মেই পাওয়া যেতে পারে।
9
12
ন্যাশনাল হেলথ অথরিটির প্রস্তাব অনুযায়ী, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৫ নভেম্বরের মধ্যে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে বলা হয়েছে। সেই মতামত পর্যালোচনার পর ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন তালিকা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং বাস্তবায়ন রাজ্যগুলির পরিকাঠামো ও সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
10
12
সরকারি হাসপাতালের পরিকাঠামোকে আরও বেশি কাজে লাগানো এবং চিকিৎসা পরিষেবার খরচ নিয়ন্ত্রণ করাই এই প্রস্তাবের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি বেসরকারি হাসপাতালে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার এবং চিকিৎসার নামে অতিরিক্ত খরচের অভিযোগ নিয়েও উদ্বেগ রয়েছে।
11
12
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, শয্যা, অস্ত্রোপচারের পরিকাঠামো এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলে রোগীদের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে যেখানে সরকারি স্বাস্থ্য পরিষেবা পর্যাপ্ত নয়, সেখানে রোগীদের চিকিৎসার জন্য দূরে যেতে হতে পারে। তাই প্রস্তাব কার্যকর করার আগে সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
12
12
উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পেয়ে থাকেন। নতুন প্রস্তাব কার্যকর হলে কোন চিকিৎসা কোথায় পাওয়া যাবে, তা নিয়ে সুবিধাভোগীদের নিজেদের রাজ্যের চূড়ান্ত নির্দেশিকা দেখে নেওয়া প্রয়োজন।