খাবার পাতে মায়ের হাতের এই রেসিপি রোজ চাই-ই চাই উত্তমকুমারের, কীভাবে তৈরি করবেন মহানায়কের 'ফেভারিট ডিশ'?
নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই ২০২৬ ১৪ : ৩৭
শেয়ার করুন
1
10
মায়ের হাতের ভেটকির কাঁটা চচ্চড়িই ছিল উত্তমকুমারের সবচেয়ে পছন্দের খাবার। 'মহানায়ক'-এর ৪৬তম প্রয়াণ দিবসে জেনে নিন এই রেসিপিটা বাড়িতে কীভাবে তৈরি করবেন?
2
10
এই পদটির জন্ম আসলে অভাবের তাড়নায়। বাজারে মাছের দর চড়া, তাই ভেটকি মাছের কয়েকটি কাঁটা নিয়ে ফিরেছিলেন উত্তমকুমারের বাবা সাতকড়িবাবু। মধ্যবিত্তের সংসারে এটুকুই ছিল তাঁর সেদিনের বাজার।
3
10
ছেলেদের পাতে কী দেবেন ভাবতে থাকেন মা। তখনই ভেটকির কাঁটা চচ্চড়ি তৈরি করেন তিনি। ময়রা স্ট্রিটের বাড়িতে থাকাকালীন 'মহানায়ক' ভবানীপুরের বাড়িতে চলে আসতেন এই কাঁটা চচ্চড়ির টানে।
4
10
ভেটকির কাঁটা চচ্চড়ি বানানোর জন্য লাগবে ভেটকির কাঁটা/মাথা: ৫০০ গ্রাম (ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া), সবজি (ডুমো ডুমো করে কাটা): আলু, বেগুন, পটল, মুলো, রাঙাআলু (আপনার পছন্দমতো যে কোনও সবজি দিতে পারেন), পেঁয়াজ কুচি: ১টা বড় সাইজের, টমেটো কুচি: ১টা মাঝারি, আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা চেরা: ৫-৬টা।
5
10
ফোড়নের জন্য তেজপাতা ১টা, শুকনো লঙ্কা ১টা, আর সামান্য পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো (১ চা চামচ), জিরে গুঁড়ো (১ চা চামচ), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (ঝালের জন্য নয়, রঙের জন্য - ১ চা চামচ), সরষের তেল: রান্না করার জন্য পরিমাণমতো, নুন ও চিনি: স্বাদমতো, গরম মশলা গুঁড়ো: হাফ চা চামচ, ধনেপাতা কুচি
6
10
প্রথমে ভেটকির কাঁটা বা মাথাটায় ভাল করে নুন আর হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সরষের তেল গরম করে মাছের কাঁটাগুলো ভাল করে লালচে ও কড়া করে ভেজে তুলে রাখুন।
7
10
ওই তেলেই এবার ফোড়ন দিন— তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তার মধ্যে আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিন। এরপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা ভাল করে কষান যাতে মশলা থেকে তেল ছাড়ে।
8
10
মশলা কষা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা সবজিগুলো (আলু, পটল, বেগুন ইত্যাদি) কড়াইতে ঢেলে দিন। স্বাদমতো নুন দিয়ে মশলার সঙ্গে সবজিগুলো ভাল করে মিশিয়ে মিনিট ৫-৭ একটু ঢাকা দিয়ে রান্না করুন।
9
10
সবজি কিছুটা নরম হয়ে এলে পরিমিত জল দিন (চচ্চড়ি একটু মাখা মাখা হবে, তাই খুব বেশি ঝোল দেবেন না)। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা ভেটকির কাঁটাগুলো দিয়ে দিন। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে কড়াই ঢিমে আঁচে ঢাকা দিয়ে দিন।
10
10
সবজি ও মাছ সেদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হয়ে গেলে, ওপর থেকে সামান্য চিনি (স্বাদের ভারসাম্য রাখার জন্য), গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে ভাল করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্যস! গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভেটকির কাঁটা চচ্চড়ি।