বিশ্বজুড়ে ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত বুলগেরিয়ার রহস্যময় ব্যক্তিত্ব বাবা ভাঙ্গাকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘রুপিতে: বাবা ভাঙ্গার লাস্ট প্রফেসি’ নামে এই সিনেমাটি ২০২৬ সালের ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছেন নির্মাতারা।
2
11
বাস্তব ঘটনা, ঐতিহাসিক নথি এবং বহু প্রচলিত কিংবদন্তিকে ভিত্তি করে তৈরি এই ছবিটি একটি রহস্য-থ্রিলার হিসেবে দর্শকদের সামনে আসবে।
3
11
ছবিটির প্রযোজনায় রয়েছেন হ্রিস্টো হ্রিস্টভ – জিপো এবং স্তোয়ান স্তোয়ানোভ – স্ল্যাশ। এর আগে তাঁদের প্রযোজিত ‘ওয়ান গ্রাম অব লাইফ’ সিনেমাটি দারুণ সাফল্য পেয়েছিল। ছবিটি ২ লক্ষেরও বেশি দর্শক দেখেছেন এবং তিনটি মহাদেশের সাতটি দেশের ৪০টিরও বেশি শহরে প্রদর্শিত হয়েছিল। ফলে নতুন এই প্রকল্প নিয়েও সিনেমাপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
4
11
চলচ্চিত্রটির কাহিনির মূল আকর্ষণ বাবা ভাঙ্গার কথিত ‘শেষ ভবিষ্যদ্বাণী’, যা গল্প অনুযায়ী কখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
5
11
নির্মাতারা দাবি করেছেন, এই রহস্যময় ভবিষ্যদ্বাণীকে কেন্দ্র করেই ছবির গল্প এগোবে। যদিও এটি একটি কল্পনানির্ভর থ্রিলার, তবে এর পটভূমিতে রয়েছে বহু বাস্তব ঐতিহাসিক ঘটনা ও নথির উল্লেখ।
6
11
ছবিতে বুলগেরিয়ার রুপিতে অঞ্চলের কাছে অবস্থিত প্রাচীন শহর হেরাক্লিয়া সিন্টিকা-র ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাবা ভাঙ্গাকে ঘিরে তৈরি হওয়া আগ্রহ, তৎকালীন সমাজতান্ত্রিক বুলগেরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট এবং সেই সময়কার বিভিন্ন ঘটনাও গল্পে স্থান পেয়েছে।
7
11
এছাড়াও ছবিতে তুলে ধরা হয়েছে বুলগেরিয়ার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব লিউদমিলা ঝিভকোভা এবং বাবা ভাঙ্গার সম্পর্কের দিকটি। ইতিহাসবিদদের মতে, ঝিভকোভা আধ্যাত্মিকতা ও রহস্যময় বিষয়গুলির প্রতি গভীর আগ্রহী ছিলেন। সেই সম্পর্কের নানা দিকও সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।
8
11
চলচ্চিত্রে আরও দেখানো হবে সমাজতান্ত্রিক আমলে পরিচালিত রিসার্চ ইনস্টিটিউট অব সাজেস্টোলজি-র গবেষণার প্রসঙ্গ। সেই সময় সরকারিভাবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী এবং তাঁর তথাকথিত অতিপ্রাকৃত ক্ষমতা নিয়ে গবেষণা করা হয়েছিল বলে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বাস্তব তথ্য ও কিংবদন্তির সংমিশ্রণে সেই গবেষণাকেও ছবির গল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
9
11
বাবা ভাঙ্গা আজও বিশ্বের অন্যতম আলোচিত রহস্যময় ভবিষ্যদ্বক্তা। তাঁর নামে প্রচলিত বহু ভবিষ্যদ্বাণী নিয়ে নানা বিতর্ক থাকলেও বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা কমেনি।
10
11
সেই রহস্য, ইতিহাস এবং কল্পনার মিশেলে তৈরি ‘রুপিতে: বাবা ভাঙ্গার লাস্ট প্রফেসি’ দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সিনেমা অভিজ্ঞতা এনে দিতে পারে বলে মনে করছেন নির্মাতারা।
11
11
আগামী ১৩ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার পর বাবা ভাঙ্গার জীবন, তাঁর কিংবদন্তি এবং কথিত শেষ ভবিষ্যদ্বাণীকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হবে বলেই আশা করা হচ্ছে।