শাহরুখ খান তাঁর অনবদ্য অভিনয় এবং দুর্দান্ত রসবোধের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকের মনে রাজত্ব করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় কিং খানের একটি বহু পুরোনো ভিডিও নতুন করে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। সেখানে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধী -র একটি প্রশ্নের জবাবে রাজনৈতিক সততা নিয়ে শাহরুখ যা বলেছিলেন, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও দারুণ প্রাসঙ্গিক এবং নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা। সেখানে আড্ডার মাঝেই রাহুল গান্ধী বলিউডের ‘বাদশা’র কাছে একটি সহজ অথচ জরুরি প্রশ্ন রেখেছিলেন, “রাজনীতিবিদদের জন্য যদি তোমার একটি মূল্যবান পরামর্শ কী হবে?”
রাহুল গান্ধীর মুখে এই প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে যান শাহরুখ। চেনা ভঙ্গিতে হেসে উঠে দর্শকদের দিকে তাকিয়ে মজা করে বলেন, “একবার ভাবুন, আপনি কাকে এই প্রশ্নটা করলেন!” রাজনীতির দুনিয়ার সঙ্গে নিজের পেশার একটি রসাত্মক তুলনা টেনে শাহরুখ অকপটে স্বীকার করেন, “আমার রুটি-রুজিই তো চলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে আর অন্য চরিত্র সেজে ছলনা করে! আমি তো পুরোটাই কেবল দেখানোর দুনিয়ায় থাকি।”
শাহরুখের এই স্বতঃস্ফূর্ত এবং রসিক জবাবে উপস্থিত দর্শকেরা হাততালি ও হাসিতে ফেটে পড়েন। স্বয়ং রাহুল গান্ধীকেও হাসিমুখে শাহরুখেরএই রসবোধ উপভোগ করতে দেখা যায়।
?utm_source=ig_web_button_share_sheet
তবে কেবল মজার ছলে উড়িয়ে না দিয়ে, প্রেক্ষগৃহের দর্শকের হাসি থামতেই নিজের স্বভাবসিদ্ধ গাম্ভীর্যের সঙ্গে অত্যন্ত আন্তরিক একটি পরামর্শ দেন শাহরুখ খান। তিনি বলেন, “আমি মনে করি, আপনাদের (রাজনীতিবিদদের) একমাত্র লক্ষ্য হওয়া উচিত সততার সাথে কাজ করা এবং নিজের দেশের জন্য গর্ববোধ করা। দেশকে ভালবাসুন, টেবিলের তলা দিয়ে টাকা নেওয়া বন্ধ করুন (ঘুষ নেওয়া) এবং কোনও ধরনের অস্বচ্ছ কাজ করবেন না।”
তিনি আরও যোগ করেন, “আমরা যদি সবাই সঠিক নিয়মে কাজ করি, তবে আমাদের সবার কাছেই টাকা আসবে, সবাই আমরা সুখে থাকব এবং আমাদের দেশ একটি মহান ও গর্বিত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে। তাই সব রাজনীতিবিদদের প্রতি আমার একটাই পরামর্শ— যতটুকু বাস্তবসম্মতভাবে সম্ভব, দয়া করে ততটা সৎ থাকার চেষ্টা করুন।”
দীর্ঘ কেরিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘মাই নেম ইজ খান’ বা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন শাহরুখ। বছর তিনেক আগেও ওঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘জওয়ান’ বিশ্বজুড়ে বক্স অফিসে সুনামি এনেছিল এবং ওঁর কেরিয়ারের অন্যতম সেরা সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে। তবে পর্দার ‘জওয়ান’ যে বাস্তব জীবনেও সমাজ ও রাজনীতি নিয়ে কতটা স্পষ্ট ও সৎ ভাবনা রাখেন, ওঁর এই পুরোনো ভাইরাল ভিডিওটিই তার সবচেয়ে বড় প্রমাণ।
















