সেলিব্রেটি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা। কোনও ছবির প্রচার হোক কিংবা বড় কোনও সংস্থার বিজ্ঞাপন, কার কত ফলোয়ার তা দিয়েই এখনকার দিনে একজন তারকার ডিজিটাল প্রভাব পরিমাপ করা হয়। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে এক বিশাল ‘ক্লিনআপ’ শুরু হওয়ায় এই কৃত্রিম জনপ্রিয়তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। চলতি বছরের এই ঘটনাকে অনেকেই ‘গ্রেট পার্জ’ বলছেন, যেখানে রাতারাতি কয়েক মিলিয়ন ফলোয়ার হারিয়েছেন বিশ্বের নামী সব তারকারা।
খবর, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম থেকে ভুয়ো অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় প্রোফাইল এবং বট (রবোটিক প্রোফাইল) সরিয়ে ফেলার কাজ শুরু করেছে। এর ফলে কাইলি জেনারের মতো তারকা প্রায় ১ কোটি ৪০ লক্ষ ফলোয়ার হারিয়েছেন। পিছিয়ে নেই খেলার মাঠের তারকাও; ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ফলোয়ার সংখ্যাও মাত্র দু'দিনে ২০ লক্ষের বেশি কমে গিয়েছে। সেলেনা গোমেজ হারিয়েছেন প্রায় ৬০ লক্ষ ফলোয়ার। এমনকী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও টেলর সুইফটের মতো তারকাদের প্রোফাইলেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। কমেছে প্রিয়াঙ্কা চোপড়ার ফলোয়ারও।
মজার ব্যাপার হল, এর মাঝেও কিছু তারকার জনপ্রিয়তা উল্টে বেড়েছে। জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এবং গায়িকা শাকিরার ফলোয়ার সংখ্যা কমার বদলে বরং আরও বৃদ্ধি পেয়েছে। আসলে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো জনপ্রিয়তা বা ফেক এনগেজমেন্টের বিষয়টি অনেক পুরোনো। ২০১৯ সালেই একটি ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানের রিপোর্টে দাবি করা হয়েছিল যে, অনেক নামী তারকার ফলোয়ার তালিকার একটা বড় অংশই আসলে ভুয়ো। বর্তমান সময়ে যখন ডিজিটাল সংখ্যাকেই সাফল্যের চাবিকাঠি মনে করা হয়, তখন ইনস্টাগ্রামের এই পদক্ষেপ স্পষ্ট করে দিল যে পর্দার পিছনের এই সংখ্যা যে কোনও সময় বদলে যেতে পারে!















