ইতিমধ্যেই বিয়ের ঘণ্টা বেজে গিয়েছে দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার জীবনে। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল পাঁচতারা হোটেলে ঘনিষ্ঠ পরিসরে হবে তাঁদের বিয়ে। সেই অনুষ্ঠানের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এই তারকা জুটির অনুষ্ঠানে থাকবেন শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। এরপর ৪ মার্চ হায়দরাবাদে আয়োজন করা হয়েছে এক জাঁকজমকে ভরা রিসেপশন, যেখানে উপস্থিত থাকার কথা চলচ্চিত্র ও রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের।

বহুদিন নিজেদের সম্পর্ক নিয়ে নীরব থাকার পর অবশেষে ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেন দুই তারকা। ভক্তদের উদ্দেশে এই বিয়ের নামও দিয়েছেন বিশেষভাবে - “দ্য ওয়েডিং অফ ভিরোশ”, যা তাঁদের অনুরাগীদের নাম থেকেই অনুপ্রাণিত।


বিয়ের ঠিক আগে সামাজিক মাধ্যমে হঠাৎই ভাইরাল হয়েছে বিজয়ের একটি পুরনো ভিডিও। তাঁর এক ছবির সাফল্য উদযাপন অনুষ্ঠানে সঞ্চালক যখন তাঁর বাবা-মায়ের কাছে জানতে চেয়েছিলেন ভবিষ্যৎ পুত্রবধূ সম্পর্কে তাঁদের প্রত্যাশা।বিজয়ের মা মাধবীর উত্তর ছিল সরল কিন্তু গভীর আবেগে ভরা।তিনি জানিয়েছিলেন, তাঁদের একটাই চাওয়া— এমন একজন মেয়ে, যে তাঁদের ছেলেকে নিঃস্বার্থভাবে ভালবাসবে, যত্ন নেবে এবং চলচ্চিত্রজগতের চাপ ও বাস্তবতাকে বুঝতে পারবে।

অন্যদিকে বিজয়ের বাবা গোবর্ধন রাও আরও উদার মনোভাবের পরিচয় দেন। তিনি স্পষ্ট জানান, ছেলের পছন্দই তাঁর কাছে শেষ কথা। জাত, ধর্ম কিংবা সামাজিক বিভাজন নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তিনি শুধু চান, তাঁর ছেলে যেন নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করে এবং সম্ভব হলে তিনি যেন দক্ষিণ ভারতের মেয়ে হন। তাহলে তাঁরা আরও খুশি হবেন।

ফ্যানদের মতে, সব ইচ্ছেই যেন পূরণ হচ্ছে বিজয়ের মা-বাবার। ভিডিওটি সামনে আসতেই ভক্তরা দ্রুত মিল খুঁজে পেয়েছেন বর্তমান বাস্তবতার সঙ্গে। তাঁদের মতে, রশ্মিকা যেন ঠিক সেই মেয়েই, যাকে বিজয়ের পরিবার এতদিন আগে কল্পনা করেছিল।

 

&t=313s

 

সহঅভিনেতা হিসেবে শুরু হওয়া সম্পর্ক গীত গোবিন্দম এবং ডিয়ার কমরেড-এর সেট থেকে। তা এখন জীবনের স্থায়ী বন্ধনে পৌঁছতে চলেছে।সামাজিক মাধ্যমে ভেসে আসছে শুভেচ্ছা, আবেগ, আর একটাই মন্তব্য বারবার, “এটাই তো ঠিক হওয়ার কথা ছিল।”