রাজস্থানের মনোরম শহর উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে ২৬ ফেব্রুয়ারি বিয়ের করলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। তবে এই বাস্তব বিয়ের গল্পে লুকিয়ে আছে সাত বছর আগের এক অদ্ভুত পূর্বাভাস, যখন তাঁরা পর্দায় বিয়ের আচার পালন করেছিলেন, আর সেই সময়ই বিয়ের গাঁটছড়া বাঁধতে গিয়ে ভয় পেয়েছিলেন বিজয়!

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত গীত গোবিন্দম ছবির ‘ভাঞ্চিন্দাম্মা’ গানের একটি দৃশ্যে বিয়ের আসরে বসে সত্যিই রশ্মিকার জন্য মঙ্গলসূত্রের তিনটি গাঁট বেঁধেছিলেন বিজয়। ছবির প্রচারে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সেটাই তাঁকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল।

বিজয় বলেছিলেন, বিয়ের মণ্ডপে বসা পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু যখন তাঁকে সত্যিই তিনটি গাঁট বাঁধতে বলা হয়, তখনই ভয় পেয়ে যান তিনি। যদিও জানতেন সবটাই অভিনয়, তবু সামনে রশ্মিকা কনের বেশে, চারদিকে ফুলে সাজানো বিয়ের আসর -সব মিলিয়ে মুহূর্তটা একেবারে বাস্তব বিয়ের মতোই মনে হয়েছিল তাঁর কাছে। মজা করে তিনি নায়িকাকে বলেছিলেন, বিষয়টা খুব অদ্ভুত লাগছে। অথচ রশ্মিকা নাকি মোটেই বিচলিত হননি। কারণ কেরিয়ারের ওই সময়ের মধ্যেই সেটা ছিল তাঁর তৃতীয় অনস্ক্রিন বিয়ে!

সময় গড়ায়, সম্পর্কও বদলায়। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে জন্ম নেয় ভালবাসা। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের বাগদান হয়। আর এ বছর ফেব্রুয়ারির সকালে সেই সম্পর্ক পেল পরিণয়।

বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে রশ্মিকা লিখলেন, “এবার তোমাদের পরিচয় করিয়ে দিই, আমার স্বামী! সেই মানুষ, যে আমাকে সত্যিকারের ভালবাসার মানে শিখিয়েছেন, শান্তির অনুভূতি কী তা বুঝিয়েছেন।”অন্যদিকে বিজয় লিখলেন, “আমার সেরা বন্ধুকেই আমি স্ত্রী বানালাম। ২৬.০২.২০২৬।”
সঙ্গে আরও জানান, কীভাবে একদিন হঠাৎ রশ্মিকাকে ভীষণভাবে মিস করতে শুরু করেছিলেন। তাঁর মনে হয়েছিল, ও পাশে থাকলে দিনটা আরও সুন্দর হতো, জীবনটা আরও পূর্ণ লাগত।এই আবেগঘন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা, যাঁদের মধ্যে ছিলেন চলচ্চিত্রজগতের একাধিক পরিচিত মুখ।

বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে সংসার। এই যাত্রাপথ যেন ভক্তদের কাছে রূপকথার মতোই। সাত বছর আগে পর্দায় যে গাঁটছড়া বাঁধতে ভয় পেয়েছিলেন বিজয়, আজ সেই গাঁটছড়াই তাঁর জীবনের সবচেয়ে বাস্তব বন্ধন।

 

&t=313s