নিজস্ব সংবাদদাতা: হঠাৎই হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঠিক কী হয়েছিল অভিনেত্রীর? এখন কেমন আছেন সন্ধ্যা রায়? জানতে অভিনেত্রীর সহকারীর সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, রুটিন চেকআপে এসেছিলেন অভিনেত্রী। সেইসময় বুকে ব্যাথা হয় তাই চিকিৎসকের পরামর্শ মতো ভর্তি আছেন। এই মুহূর্তে আশঙ্কার কিছু নেই। বলেই জানিয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে এইমুহুর্তে ২৪ ঘন্টা হাসপাতালে ভর্তি থাকবেন অভিনেত্রী। তাঁর চিকিৎসায় মেডিক্যাল টিমে রয়েছেন, ড: এস বি রায়, ড: সুস্মিতা দেবনাথ এবং ড: পি কে মিত্র। তাঁর ইসিজি, কার্ডিওগ্র্যাফি এবং রক্ত পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেত্রীর শরীরে রক্ত চলাচল জনিত কিছু সমস্যা রয়েছে।
বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ বছর ধরে দর্শক সন্ধ্যা রায়কে দেখেছেন বিভিন্ন চরিত্রে। ১৯৬৭ সালে পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। দীর্ঘদিন আলাদা থাকলেও স্বামীর শেষ সময়ে পাশে রেখেছিলেন সন্ধ্যা রায়। মাত্র ১৬ বছর বয়সে রুপোলি পর্দার জগতে পা রাখেন তিনি। ১৯৫৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘মামলার ফল'। সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনি’ তাঁকে অভিনয় জগতে সাফল্য এনে দেয়।
এছাড়াও ‘বাবা তারকনাথ’, 'দাদার কীর্তি' , 'ছোট বউ', 'মায়া মৃগয়া', 'কঠিন মায়া', 'বন্ধন', 'পলাতক', 'তিন অধ্যায়', 'আলোর পিপাসা', 'ফুলেশ্বরী', 'সংসার সীমান্তে', 'নিমন্ত্রণ'-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। তাই হঠাৎই তাঁর অসুস্থতার খবরে চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা। এই মুহূর্তে তাঁকে নিয়ে চিন্তার কারণ নেই বলেই জানাচ্ছেন অভিনেত্রীর সহকারী।
















